শিরোপার উৎসব কেড়ে নিল ১১ প্রাণ; কোহলিদের শোক, ক্ষতিপূরণ ঘোষণা

আপডেট : ০৫ জুন ২০২৫, ১১:১৪ এএম

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রথম আইপিএল শিরোপা জয়ের উৎসবে ঘটেছে হৃদয়বিদারক ঘটনা। উৎসবে যোগ দিতে গিয়ে মৃত্যু হয়েছে ১১ জনের, আহত হয়েছেন ৩৩ জন। গতকাল বুধবার বিকালে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। বিস্ময়কর ব্যাপার হলো, এই ঘটনার পরও স্টেডিয়ামের ভেতরে উৎসব চলেছে!

ঘটনার ৬ ঘণ্টা পর বিবৃতি দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কর্তৃপক্ষ। মৃতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছে কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনও (কেএসসিএ)। সেই বিবৃতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বিরাট কোহলি লিখেছেন, ‘ভাষা খুঁজে পাচ্ছি না। অত্যন্ত হৃদয় বিদারক!’ তবে সবাই কোহলির এই প্রতিক্রিয়া ভালোভাবে নেয়নি।

বেঙ্গালুরুর বিবৃতিতে বলা হয়েছে, ‘বিকালে দলের আগমন উপলক্ষে বিশাল জনসমাগম হয়েছিল্। আমরা সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানতে পেরেছি যে, সেই জমায়েতে মর্মান্তিক ঘটনা ঘটেছে। এই ঘটনায় আমরা গভীর ভাবে মর্মাহত। সবার নিরাপত্তা এবং সুস্থতা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেঙ্গালুরু কর্তৃপক্ষ মর্মান্তিক প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য আন্তরিক সমবেদনা জানাচ্ছে।’ গুরুতর আহত একজনকে সরিয়ে নিচ্ছে পুলিশ।

অভিযোগ উঠেছে যে, স্টেডিয়ামের বাইরে যখন ভয়াবহ ঘটনা ঘটছিল, তখন ভেতরে চলছিল অনুষ্ঠান। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা হচ্ছে। যদিও বেঙ্গালুরুর বিবৃতিতে দাবি করা হয়েছে যে, ‘ঘটনার জানার সঙ্গে সঙ্গে আমরা দ্রুত কর্মসূচি পরিবর্তন করেছি। স্থানীয় প্রশাসনের নির্দেশ এবং পরামর্শ অনুযায়ী পদক্ষেপ নিয়েছি। আমাদের সব সমর্থককে নিরাপদে থাকার অনুরোধ করছি।’

এদিকে অনুষ্ঠানের আয়োজক কর্নাটকের ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএসসিএ) মৃতদের পরিবারপিছু ৫ লাখ রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছে। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রিয়জন হারানো পরিবারগুলোর জন্য বেঙ্গালুরু এবং কেএসসিএ যৌথভাবে ৫ লক্ষ রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা করছে। আমাদের আশা, শোকের সময় এই পদক্ষেপ তাদের জন্য কিছুটা সহায়ক হবে। তারা হয়তো কিছুটা সান্ত্বনা পাবেন। এই ক্ষতিপূরণ কখনও মানুষের জীবনের মূল্য নির্ধারণ করতে পারে না। তেমন উদ্দেশ্যও আমাদের নেই। এই কঠিন সময়ে আমরা শুধু পরিবারগুলোর পাশে থাকতে চাই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত