বাগেরহাটের মোল্লাহাটে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আজিজুল ইসলাম চৌধুরী (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (৭ জুন) সন্ধ্যায় বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের সিংগাঁতি গ্রামের উত্তর পাড়ায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত আজিজুল ইসলাম চৌধুরী মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের সিংগাঁতি গ্রামের উত্তর পাড়ার মোশারফফ চৌধুরীর ছেলে।
স্থানীয় গ্রামবাসীর বরাতে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, ‘মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের সিংগাঁতি গ্রামের উত্তর পাড়ার মাসুম চৌধুরী ও এরশাদ চৌধুরীর সাথে বংশীয় দ্বন্দ্ব বহু পুরানো। সেই দ্বন্দ্বের জেরে আজিজুলের সাথে মাসুম চৌধুরী বাড়ির এক ব্যক্তির কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় নারীসহ অন্তত ২০ জন আহত হন। পরে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে বাগেরহাটের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাশ্ববর্তি গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজিজুল চৌধুরী মারা যান। নতুন করে যাতে আর কোন সংঘাত হতে না পারে সেজন্য ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতোয়েন করা হয়েছে।’
