অতিরিক্ত ভাড়া আদায়, কুড়িগ্রামে দুই বাসমালিককে জরিমানা

আপডেট : ১১ জুন ২০২৫, ০৯:১৭ পিএম

যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে কুড়িগ্রামের উলিপুরে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালত দুটি বাস কাউন্টার মালিককে আর্থিক জরিমানা করে। আজ বুধবার (১১ জুন) বিকেলের দিকে উলিপুরের ঢাকাগামী বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা ও বাংলাদেশ সেনাবাহিনীর কুড়িগ্রাম ক্যাপ্টেন খালিদসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে বাসের ভাড়া আদায়ে কাউন্টারে ভাড়ার তালিকা না টানানোর জন্য তৃষা পরিবহণের মালিককে নগদ ৫ হাজার ও মৌসুমী এন্টারপ্রাইজ ২ পরিবহণের মালিককে ৫ হাজার টাকাসহ মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা সাংবাদিকদের বলেন, কয়েকটি কাউন্টারে আমরা সেনাবাহিনীসহ অভিযান পরিচালনা করেছি। যেসব কাউন্টারে অপরাধ সংঘটিত হয়েছে সেখানে মোবাইল কোর্ট আইন অনুযায়ী অর্থদণ্ড করা হয়। 

বাংলাদেশ সেনাবাহিনীর কুড়িগ্রামের ক্যাপ্টেন খালিদ জানান, ঈদ পরবর্তী ঢাকাগামী যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াতে এবং হয়রানি কমানোর জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত