প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাজ্যের ব্যবসা ও বাণিজ্য বিষয়ক সেক্রেটারি এবং বাণিজ্য বোর্ডের সভাপতি জোনাথন রেনল্ডস বৈঠক করেছেন।
বুধবার (১১ জুন) ব্রিটিশ পার্লামেন্টে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে।।
বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক উন্নত করা এবং দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে বিনিয়োগের সুযোগ বৃদ্ধি করার উপর দৃষ্টি নিবদ্ধ করা হয়।
বাংলাদেশে বাণিজ্য বাড়াতে ও বর্ধিত ব্রিটিশ বিনিয়োগ আকর্ষণের কৌশলসহ পারস্পরিক স্বার্থ নিয়ে আলোচনা করা হয়।
রেনল্ডস বিভিন্ন দেশে হারানো অর্থ উদ্ধারের জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগকে যুক্তরাজ্যের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।
প্রফেসর ইউনূস অর্থনৈতিক পুনরুদ্ধার, বিশেষ করে ব্যাংকিং খাতের সংস্কার, বৈদেশিক মুদ্রা মজুদ স্থিতিশীলকরণ এবং বৃহৎ অর্থনৈতিক স্থায়িত্ব বজায় রাখার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টাকে তুলে ধরেন।
সভায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং এসডিজি সমন্বয়কারী লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।
বিশেষ দূত সিদ্দিকি যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) শুরুর প্রস্তাব করেছেন, উল্লেখ করেছেন যে ঢাকা ইতিমধ্যে জাপানসহ বিভিন্ন দেশের সাথে এফটিএ নিয়ে আলোচনা শুরু করেছে।
বাংলাদেশে ইউকে বাণিজ্য দূত ব্যারনেস রোজি উইন্টারটন এবং ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বৈঠকে অংশ নেন।
