‘আমরাই হচ্ছি বড় মাফিয়া’ বলা এনসিপি নেতা মানিককে শোকজ

আপডেট : ১২ জুন ২০২৫, ০৫:৪৫ এএম

নিজেদের মাফিয়া দাবি করা সেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা জুবাইরুল আলম মানিককে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। গত মঙ্গলবার এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নোটিস দেওয়া হয়। আগামী তিন দিনের মধ্যে শৃঙ্খলা কমিটির কাছে তার বক্তব্যের সঠিক ব্যাখ্যা প্রদানের জন্য বলা হয়েছে। জুবাইরুল আলম মানিক এনসিপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বেসরকারি কারা পরিদর্শক।

শোকজ নোটিসের বিষয়ে গতকাল বুধবার মানিক গণমাধ্যমকে বলেন, নোটিস পেয়েছি, সময়ের মধ্যে নির্দেশনা মান্য করে কেন্দ্রে পাঠানো হবে।

মানিককে পাঠানো নোটিসে বলা হয়, ৯ জুন চট্টগ্রাম জেলার আনোয়ার উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আপনার একটি আপত্তিকর ও অসাংগঠনিক বক্তব্য কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির নজরে এসেছে। আপনার এমন বক্তব্য জনপরিসরে এনসিপির ভাবমূর্তি ক্ষুণœ করেছে এবং পার্টিকে নেতিবাচকভাবে উপস্থাপন করেছে। এমতাবস্থায় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও পার্টির ভাবমূর্তি ক্ষুণœ করার দায়ে আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার যথাযথ ব্যাখ্যা কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান আব্দুল্লাহ আল-আমিনের কাছে আগামী তিন দিনের মধ্যে লিখিত আকারে প্রেরণের নির্দেশনা দেওয়া হলো।

এর আগে সোমবার দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি কমিউনিটি সেন্টারে এনসিপি আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জোবাইরুল আলম মানিক। বক্তব্যে তিনি বলেন, আমরা জুলাই অভ্যুত্থান সফল করেছি। বিগত ১৬-১৭ বছর কেউ এ নেতৃত্ব দিতে পারেনি। এটি একটি রাজনৈতিক বিপ্লব। কেউ যদি বলে যে শিক্ষার্থীরা তাদের কাজ শেষ করেছে, তারা ক্যাম্পাসে ফিরে যাক। আমরা বলব, ১৬ বছরের একজন মাফিয়াকে হটাতে পারছি। আমাদের বুঝ দিয়ে আবার যদি কেউ মাফিয়া হয়ে উঠতে চায়; আমরা তাদের বলব, এখন বাংলাদেশে যদি বড় মাফিয়া থাকে, আমরাই হচ্ছি বড় মাফিয়া। আমাদের চেয়ে বড় মাফিয়া নেই।

তার এই বক্তব্যের পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। ফলে এনসিপির শৃঙ্খলা কমিটি থেকে তাকে শোকজ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত