ভারতের আহমেদাবাদ থেকে ২৪২ জন আরোহী নিয়ে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ২০৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদের মধ্যে আছেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রুপানি।
ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
রুপানি ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ৬৮ বছর বয়সী এই রাজনীতিবিদ ক্ষমতাসীন দল বিজেপির একজন সদস্য ছিলেন।
বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে আহমেদাবাদের মেঘানিনগর এলাকায় সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে উড্ডয়নের কিছুক্ষণ পরই বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার মডেলের উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এতে ২৩২ জন যাত্রী এবং ১০ জন ক্রু ছিলেন। যাত্রীদের মধ্যে ছিলেন ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, একজন কানাডীয় এবং সাতজন পর্তুগিজ নাগরিক।
