শনিবার থেকে গার্মেন্টস কারখানা খোলা

আপডেট : ১৩ জুন ২০২৫, ০৬:৩৮ এএম

ঈদ ছুটি শেষে আগামী শনিবার থেকে তৈরি পোশাক শিল্প কারখানার কার্যক্রম শুরু হবে। এ লক্ষ্যে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন মালিক, শ্রমিক, কর্মকর্তা-কর্মচারীরা। ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, সাভার-আশুলিয়া, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহ অঞ্চল থেকে এমন তথ্য পাওয়া যাচ্ছে। তবে ঈদ ছুটির সঙ্গে বকেয়া ছুটি সমন্বয় করা শ্রমিকরা আগামী সপ্তাহের মাঝামাঝিতে কারখানায় যোগ দেবেন।

বিজিএমইএ নির্বাচিত সভাপতি ও রাইজিং ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহমুদ হাসান খান দেশ রূপান্তরকে বলেন, শনিবার থেকে কারখানা খোলা হবে। এ লক্ষ্যে মালিকরা প্রস্তুতি শুরু করেছেন। তবে কোনো কোনো কারখানা রবি বা সোমবার থেকে খুলবে।

বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান বলেছেন, মালিক ও শ্রমিক সমঝোতার মাধ্যমে ছুটি সমন্বয় হয়ে থাকে। সে হিসেবে অনেক শ্রমিক তাদের ঈদ ছুটির সঙ্গে বকেয়া ছুটি নিয়েছেন। সে ক্ষেত্রে কারখানা চালু হলেও প্রথম কয়েক দিন শ্রমিক উপস্থিতি কম থাকতে পারে। তবে সপ্তাহ খানেকের মধ্যে সব কারখানায় কর্মচাঞ্চল্য ফিরবে।

তথ্যমতে, ঈদুল আজহার আগে প্রায় সব চালু তৈরি পোশাক কারখানায় এপ্রিল এবং মে মাসের বেতন ও ঈদ বোনাস পরিশোধ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত