চট্টগ্রাম মহানগর জামায়াতে হঠাৎ নেতৃত্ব বদল

  • # মেয়াদ শেষ হবার আগেই সরানো হলো শাহজাহান চৌধুরীকে
আপডেট : ১৪ জুন ২০২৫, ১২:৩৭ এএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর শাখায় হঠাৎ করেই নেতৃত্বে পরিবর্তন এনেছে দলীয় নীতিনির্ধারকরা। নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই মহানগর আমীরের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে শাহজাহান চৌধুরীকে। তাঁর স্থলাভিষিক্ত হয়ে ভারপ্রাপ্ত আমীর হিসেবে দায়িত্ব পেয়েছেন নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।

আজ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত মহানগর জামায়াতের বিশেষ দায়িত্বশীল সম্মেলনের পর সংগঠনের দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। তাতে মুহাম্মদ নজরুল ইসলামকে নতুন ভারপ্রাপ্ত আমীর এবং শাহজাহান চৌধুরীকে কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য হিসেবে উল্লেখ করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

প্রসঙ্গত, দীর্ঘ ৩৩ মাস কারাভোগ শেষে জামিনে মুক্ত হয়ে ২০২৪ সালের ২ ফেব্রুয়ারি চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর হিসেবে শপথ নেন শাহজাহান চৌধুরী। এরপর একই বছরের ২৪ অক্টোবর অনুষ্ঠিত কেন্দ্রীয় কর্মপরিষদের সভায় রুকনদের ভোটে ২০২৫-২৬ মেয়াদের জন্য পুনরায় মহানগর আমীর নির্বাচিত হন তিনি।

সাম্প্রতিক সময়ের বেশ কিছু ঘটনায় শাহজাহান চৌধুরী ছিলেন আলোচনা ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে। সর্বশেষ ১৩ জুন জামালখান এলাকায় গণতান্ত্রিক ছাত্রজোটের এক প্রতিবাদ কর্মসূচিতে জামায়াতকর্মী আকাশ চৌধুরীর হামলার ঘটনায় তার নাম উঠে আসে বিতর্কে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে শাহজাহান চৌধুরীর সঙ্গে আকাশ চৌধুরীর একাধিক ছবি।

এরও আগে, ৫ মে ইসলামী ছাত্রসেনার ডাকা অবরোধ কর্মসূচিতে সংঘটিত আরেকটি হামলার ঘটনায় আকাশ চৌধুরীর নাম উঠে আসে আলোচনায়। সেই সময় জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা থেকে অস্ত্র উদ্ধারের বিষয়ে দেওয়া বিভ্রান্তিকর বক্তব্য নিয়েও বিতর্কে জড়ান শাহজাহান চৌধুরী। পরবর্তীতে সামাজিক মাধ্যমে ভিডিও বার্তা দিয়ে তিনি সেই বক্তব্য প্রত্যাহার করেন এবং দুঃখ প্রকাশ করেন।

নেতৃত্ব পরিবর্তনের প্রসঙ্গে জানতে চাইলে চট্টগ্রাম মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী *দেশ রূপান্তর*কে বলেন, “শাহজাহান চৌধুরী এখন কেন্দ্রীয় দায়িত্বে রয়েছেন। মুহাম্মদ নজরুল ইসলামকে ভারপ্রাপ্ত আমীর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এটি আমাদের স্বাভাবিক সাংগঠনিক প্রক্রিয়ারই অংশ।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত