বিব্রত, বিরক্ত

আপডেট : ১৪ জুন ২০২৫, ১২:৫৬ এএম

অভিনেতা সমু চৌধুরী গাছের নিচে গামছা পরে শুয়ে। এমন কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল কাল। এরপর অভিনয়শিল্পী সংঘের পক্ষ থেকে জানানো হয়, সমু চৌধুরী মানসিকভাবে অসুস্থতার কারণে এর আগেও এমন ঘর ছেড়েছিলেন। তাকে নিরাপদ হেফাজতে নেওয়া হয়েছে। কিন্তু সমু চৌধুরী বিষয়টি অস্বীকার করে গামছা পরে শুয়ে থাকার ব্যাখ্যাও দিলেন।

গণমাধ্যমকে বললেন, এটা খুবই লজ্জাজনক। আমি ভোরবেলা নামাজ পড়ে, নদীতে গোসল করে এখানে ঘুমিয়েছি। আমি এক কাপড়েই এসেছি। যশোরে ছিলাম। যশোর থেকে ফিরে আসার পরেই হঠাৎ করে ছোট ভাইরা বলছিল, মিসকিন শাহে যাবেন নাকি। আমি বললাম, কোথায়? পরে মনে পড়ল। আমি তাদের বললাম, সেখানে তো আমি গিয়েছিলাম। তারপর আমি তাদের সঙ্গে আসছি।

অভিনেতা বললেন, সারাদিন আড্ডা মেরেছি, এখানকার যে কুতুবরা আছেন, যারা খাদেম আছেন, যারা পাগল আছেন, কথা বলছি, আড্ডা দিয়েছি। আমার জীবনের সঙ্গে, তাদের জীবনের মিল খুঁজছি, নাটক খুঁজছি।

হঠাৎ ছবি ভাইরাল হওয়া নিয়ে সমু চৌধুরী বলেন, আমার বন্ধুরা যারা ছবিটা দেখেছে, ফোন করে বলেছে কি রে! এটা তো তাদের কলিজায় লেগেছে। কেউ গাড়ি পাঠিয়ে দিচ্ছে। শিল্পী সংঘ থেকে ফোন দিয়ে বলা হচ্ছে, দাদা তুমি ওখানে থাকো। শান্তিদি আমাকে ফোন দিয়ে বলছে, তুমি ওখানে থাকো আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি। আমি বললাম তোরা কী শুরু করেছিস? আমার স্বাধীনতা নাই? আমার বয়স ৬১। আমার বাবা, ভাই, বোন কেউ নাই, আমার একমাত্র মা আছে।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে হঠাৎ করে সামাজিক মাধ্যমে কয়েকটি ছবি ও ভিডিও ভাইরাল হয় সমু চৌধুরীর। ভিডিওতে দেখা যায়, ময়মনসিংহের গফরগাঁওয়ে মুখী শাহ্ মিসকিন মাজারের কাছে একটি রাস্তার পাশে গাছের নিচে খালি গায়ে নিঃসঙ্গভাবে শুয়ে আছেন তিনি। অভিনেতার এ দৃশ্যের ছবি ও ভিডিওগুলো অল্পক্ষণের মধ্যেই ছড়িয়ে পড়ে। যা দেখে তার ভক্ত-শুভাকাক্সক্ষীরা রীতিমতো হতবাক হয়ে যান। পরে স্থানীয় থানা-পুলিশ এগিয়ে আসে তাকে উদ্ধারের জন্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত