খুলনায় দুর্বৃত্তরা বনি আমিন (৩৪) নামে এক মোবাইল ব্যাংকিং ব্যবসায়ীকে গুলি করে ৮০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের বাগমারা গ্রামে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ বনি আমিন বাগমারা গ্রামের মো. নিজাম উদ্দিনের ছেলে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, রূপসা কলেজের পাশে বনি আমিনের বিকাশ ও ফ্লেক্সিলোডের দোকান রয়েছে। বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলে করে আসা হেলমেট পরিহিত দুজন দুর্বৃত্ত তাকে অস্ত্রের মুখে জিম্মি করে দোকান খুলতে বাধ্য করে। পরে পিস্তল দিয়ে তার বাঁ পায়ের হাঁটুর ওপর মাংসপেশিতে গুলি করে এবং দোকানের ক্যাশবাক্সে থাকা ৮০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
এ ব্যাপারে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান বলেন, মামলা দায়েরের ব্যাপারে হাসপাতালে ভি র্ত গুলিবিদ্ধ যুবকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ভুক্তভোগীর পক্ষে কেউ থানায় এলেই মামলা নেওয়া হবে। তবে গতকাল শুক্রবার বিকেল ৪টা পর্যন্ত কেউ মামলা করার জন্য থানায় আসেনি।
