যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের স্যান অ্যান্টোনিও শহরে আকস্মিক বন্যায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। খোঁজ পাওয়া যাচ্ছে না বেশ কয়েকজনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় কর্মকর্তারা।
সিবিএস নিউজ জানিয়েছে, শহরটিতে গত বুধবার ও বৃহস্পতিবারের প্রবল ঝড় অনেক গাড়িকে রাস্তার বাইরে ছিটকে ফেলে, কিছু কিছু চালককে ঠেলে দেয় খালের পানিতে।
নিখোঁজদের সন্ধানে উদ্ধারকর্মীরা অভিযান চালাচ্ছেন বলে স্যান অ্যান্টোনিওর দমকল বিভাগ জানিয়েছে। উদ্ধার ও অনুসন্ধান তৎপরতা চালিয়ে যেতে কয়েকদিন লেগে যেতে পারে বলেও অনুমান তাদের।
গত শুক্রবার বিকেল পর্যন্ত দমকল বাহিনী শহরজুড়ে অন্তত ৭০টি পানিবন্দি স্থানে উদ্ধার অভিযান চালিয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে চারজনকে হাসপাতালে নেওয়া হয়েছে, তবে তাদের আঘাত গুরুতর নয়।
এ পর্যন্ত নিহতদের মধ্যে তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। পুলিশ বলছে, তারা বৃহস্পতিবার সকালে স্থানীয় সময় ভোর ৫টার দিকে পেরিন বিটেল এলাকায় গাড়িতে আটকা পড়েছিলেন। ভারী বৃষ্টির মধ্যে হঠাৎ প্রবল গতিতে পানি এসে পড়লে তারা গাড়ি থেকে বের হতে পারেননি।
