পরিবেশবান্ধব সবুজ কারখানা বা গ্রিন ফ্যাক্টরি হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি ‘লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন’ (লিড) সনদ পেয়েছে বাংলাদেশের আরও চারটি পোশাক কারখানা।
পরিবেশবান্ধব নতুন চারটি কারখানার মধ্যে রয়েছে অ্যাডভান্স অ্যাটায়ার লিমিটেড, কটন ফিল্ড বিডি লিমিটেড (প্রোডাকশন বিল্ডিং) ও আমানত শাহ ফেব্রিকস লিমিটেড (ওভেন কম্পোজিট) কারখানা লিড প্লাটিনাম সনদ পেয়েছে। অ্যাডভান্স অ্যাটায়ার লিমিটেড ৯৬ নম্বর, কটন ফিল্ড বিডি লিমিটেড (প্রোডাকশন বিল্ডিং) ৮৩ নম্বর ও আমানত শাহ ফেব্রিকস লিমিটেড (ওভেন কম্পোজিট) ৮২ নম্বর পেয়েছে। এই তিনটির বাইরে কেএম অ্যাপারেল নিট প্রাইভেট লিমিটেড ৬২ নম্বর পেয়ে লিড গোল্ড সনদ পেয়েছে। এতে করে দেশে লিড স্বীকৃত সবুজ পোশাক কারখানার সংখ্যা দাঁড়িয়েছে ২৪৮টি। এর মধ্যে ১০৫টি প্লাটিনাম এবং ১২৯টি গোল্ড সার্টিফিকেশন অর্জন করেছে।
নতুন করে স্বীকৃতি পাওয়া কারখানা চারটি যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) থেকে পরিবেশবান্ধব সনদ পেয়েছে। সনদ পাওয়ার সাতটি শর্ত পরিপালনে ১০০ নম্বরের মধ্যে কোনো কারখানা ৮০-এর বেশি পেলে ‘লিড প্লাটিনাম’, ৬০-৭৯ পেলে ‘লিড গোল্ড’, ৫০-৫৯ নম্বর পেলে ‘লিড সিলভার’ এবং ৪০-৪৯ নম্বর পেলে ‘লিড সার্টিফায়েড’ সনদ দেওয়া হয়।
