নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নে আমান গ্রুপের সিমেন্ট কারখানার সৃষ্ট শব্দদূষণ, বায়ুদূষণ ও ভূকম্পন থেকে রক্ষা পেতে ওই ইউনিয়নের আট গ্রামের মানুষ রাস্তা অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন।
গত রবিবার সকালে উলুকান্দি এলাকায় আমান সিমেন্ট কারখানার মূল ফটকের সামনে রাস্তায় ওই ইউনিয়নের মোবারকপুর, মামরকপুর, নগরজোয়ার, রায়পুর, উলুকান্দি, দাউদেরগাঁও, সোনাময়ী ও খংসারদী গ্রামের বাসিন্দারা প্রায় আড়াই ঘণ্টা ধরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। এ সময় বারদী- চৌরাস্তা সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধকারীরা রাস্তা থেকে সরে গেলে যানচলাচল স্বাভাবিক হয়।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে ভুক্তভোগীরা তাদের বক্তব্যে বলেন, মাননীয় প্রধান উপদেষ্টা আমরা বাঁচতে চাই, আমাদের পরবর্তী প্রজন্মকেও বাঁচাতে চাই।
আমান সিমেন্ট কারখানার ডেপুটি জেনারেল ম্যানেজার নাদিরুজ্জমান বলেন, নিয়মকানুন মেনেই আমান গ্রুপ এখানে তাদের কার্যক্রম পরিচালনা করছে। একটি মহল পরিকল্পিতভাবে কোম্পানির বিরুদ্ধে এ আন্দোলনে ইন্ধন দিচ্ছে।
