ট্রাকচাপায় গৃহবধূর মৃত্যু পরিবারের দাবি হত্যা

আপডেট : ১৬ জুন ২০২৫, ১২:১৩ এএম

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কানাপুকুরিয়ায় ট্রাকচাপায় বন্যা খাতুন (১৯) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত বন্যা উপজেলার ত্রিবেণী ইউনিয়নের পদমদি গ্রামের সোহান আলীর স্ত্রী। তবে বন্যার বাবার বাড়ির লোকজনের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, অজ্ঞাত এক ব্যক্তির মোটরসাইকেলের পেছনে বসে বন্যা খাতুন ঝিনাইদহের দিকে যাচ্ছিলেন। তার পেছনে একটি ট্রাক ছিল। কিছুদূর যাওয়ার পর তারা দেখেন বন্যার লাশ পড়ে আছে। আর যে মোটরসাইকেলে বন্যা যাচ্ছিলেন সেটি আবার ফিরে যায়।

নিহতের বাবা জাহাঙ্গীর হোসেন দাবি করেন, ‘বিয়ের পর থেকেই তার মেয়ের শ্বশুরবাড়ির লোকজন তার ওপর নির্যাতন করত। দুদিন আগেও তাদের নির্যাতন সইতে না পেরে আত্মহত্যার চেষ্টা করে বন্যা। আমরা মনে করছি তাকে এখানে এনে ট্রাকের নিচে ফেলে হত্যা করা হয়েছে।’

ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় শিকারী বলেন, প্রাথমিকভাবে সড়ক দুর্ঘটনা মনে হলেও আমরা লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত