১৬ দিনেই বছরের সর্বোচ্চ ডেঙ্গু রোগীর রেকর্ড

আপডেট : ১৭ জুন ২০২৫, ০২:৫৫ এএম

দেশে এ বছর ডেঙ্গু রোগীর সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে বিভিন্ন হাসপাতালে ২৩৪ জন রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে এ বছর মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ২২২ জন।

পাশাপাশি চলতি জুনের ১৬ দিনেই মে মাসকেও ছাড়াল রোগীর সংখ্যা। নতুন রোগী নিয়ে এ মাসে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৭৭ জনে। এর আগে বছরের সর্বোচ্চ রোগী ছিল মে মাসে ১ হাজার ৭৭৩ জন। অর্থাৎ বছরের সর্বোচ্চ রোগীর রেকর্ড হলো। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুর তথ্য বিশ্লেষণ করে এই চিত্র পাওয়া গেছে। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন রোগীদের মধ্যে সর্বোচ্চ ভর্তি হয়েছে বরিশাল বিভাগে ১১৯ জন, যা দিনের মোট রোগীর ৫১ শতাংশ এবং জেলার মধ্যে সর্বোচ্চ রোগী ভর্তি হয়েছে বরগুনায় ৬৫ জন, যা দিনের মোট রোগীর ২৮ শতাংশ। এ ছাড়া ঢাকা বিভাগে ৩২ জন, চট্টগ্রাম বিভাগে ২৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৫ জন, খুলনা ও রাজশাহী বিভাগে পাঁচজন করে এবং ময়মনসিংহ বিভাগে একজন রোগী ভর্তি হয়েছে। নতুন রোগীদের মধ্যে ১৩৪ জন পুরুষ ও ১০০ জন নারী।

অন্যদিকে, চলতি জুনের ১৬ দিনেই ডেঙ্গু রোগীর সংখ্যা মে মাসকে ছাড়িয়েছে। এত দিন পর্যন্ত মে মাস ছিল বছরের সর্বোচ্চ ডেঙ্গুর মাস। সে মাসে রোগী ভর্তি হয় ১ হাজার ৭৭৩ জন। গতকাল সেই সংখ্যাকে ছাড়িয়ে এ মাসে ভর্তি রোগীর সংখ্যা হয়েছে ১ হাজার ৮৭৭ জন। এরপর জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, এপ্রিলে ৭০১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন ও মার্চে ৩৩৬ জন রোগী ভর্তি হয়েছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর মোট রোগীর মধ্যে সর্বোচ্চ ২ হাজার ৮৪২ জন ভর্তি হয়েছে বরিশাল বিভাগে ও সর্বনিম্ন সিলেট বিভাগে ২১ জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৯৪৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮৯৭, ঢাকা বিভাগে ৫৯৩, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫১৯, খুলনা বিভাগে ১৮১, ময়মনসিংহ বিভাগে ১০৪, রাজশাহী বিভাগে ৯৮ জন ও রংপুর বিভাগে ২২ জন ভর্তি হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত