রোহিত শর্মার পর ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে জসপ্রিত বুমরাই এগিয়ে ছিলেন। এর আগে ভারপ্রাপ্ত হিসেবে টেস্টে নেতৃত্বও দিয়েছেন। তবু নেতৃত্ব পেলেন শুবমান গিল। আগামী শুক্রবার লিডসে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট দিয়ে শুরু হবে তার পথচলা। তবে ‘ওয়ার্কলোড’ ম্যানেজমেন্ট ঠিক রাখতেই নাকি বোর্ডকে নেতৃত্ব না দেওয়ার অনুরোধ করেছিলেন বুমরা।
স্কাই স্পোর্টসে সাবেক ভারতীয় ব্যাটসম্যান দিনেশ কার্তিকের সঙ্গে আলাপচারিতায় বুমরা বললেন, ‘এখানে (অধিনায়কত্ব নিয়ে) কোনো কাল্পনিক গল্প নেই। কোনো বিতর্ক বা কোনো শিরোনাম করার মতো বিবৃতি নেই যে, আমাকে বরখাস্ত করা হয়েছে বা আমার দেখভাল করা হয়নি। রোহিত ও বিরাট (কোহলি) অবসর নেওয়ার আগে আইপিএল চলাকালীন আমি বিসিসিআইয়ের সঙ্গে কথা বলেছিলাম, পাঁচ টেস্টের সিরিজে আমার ওয়ার্কলোড নিয়ে আলোচনা করেছিলাম। আমার পিঠের চিকিৎসকদের সঙ্গেও কথা বলেছি। তারা আমার ওয়ার্কলোডের ব্যাপারে বারবার সতর্ক করেছেন।’
তিনি আরও বলেন, ‘ডাক্তাদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিয়েছিলাম যে, আমাকে আরেকটু সতর্ক হতে হবে। বিসিসিআইকে ফোন করে বলেছিলাম, আমি নেতৃত্ব চাই না। কারণ পাঁচ টেস্ট সিরিজের সব ম্যাচে আমার সর্বোচ্চটা দিতে পারব না। সেসময় বিসিসিআই আমাকে অধিনায়ক হিসেবে ভাবছিল। কিন্তু আমি “না” বলেছি। পাঁচ টেস্টের সিরিজে একজন দুই ম্যাচ নেতৃত্ব দেবে, আরেকজন তিন ম্যাচ- এটা দলের জন্য ভালো কিছু নয়। আমি সবসময় দলকে প্রাধান্য দিয়েছি।’
ইংল্যান্ড সিরিজে পাঁচ টেস্টের মধ্যে কোন তিনটিতে খেলবেন, সেটা এখনো ঠিক করেননি এই পেস তারকা, ‘আমি যদি অধিনায়ক হতাম, তাহলে কখনই বলতে পারতাম না যে, “ঠিক আছে, আমি শুধু তিনটি টেস্ট ম্যাচ খেলব।” এটা দলকে ভালো বার্তা দেয় না। এসব বিষয় মাথায় রেখে, একজন খেলোয়াড় হিসেবে আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব। আমার সামর্থ্য অনুযায়ী সেরাটা দেওয়ার চেষ্টা করব। আশা করি, যে ম্যাচগুলো আমি খেলব, সেগুলোতে আমার সেরাটা দেব।’
ক্যারিয়ারের শেষ পর্যায়ে তাই 'সবকিছুই স্পেশাল' মুশফিকের কাছে
শ্রীলঙ্কার বিপক্ষে টানা তৃতীয় সেঞ্চুরি মুশফিকের, দিনশেষে বাংলাদেশ ২৯২/৩
দুর্দান্ত শান্ত-মুশফিক; চালকের আসনে বাংলাদেশ