ক্লাব বিশ্বকাপে নামার আগে জ্বরে আক্রান্ত এমবাপ্পে

আপডেট : ১৮ জুন ২০২৫, ১২:৫৮ পিএম

ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগে সমস্যায় রিয়াল মাদ্রিদ। জ্বরে আক্রান্ত হয়েছেন দলটির ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। বাংলাদেশ সময় আজ দিবাগত রাত ১টায় সৌদি ক্লাব আল হিলালের মুখোমুখি হবে রিয়াল। ম্যাচটির আগে দলের তারকা স্ট্রাইকারের অসুস্থতায় বিপাকেই পড়েছে মাদ্রিদের ক্লাবটি।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, সকালে ঘুম থেকে ওঠার পর অসুস্থ বোধ করায় এমবাপ্পের পরীক্ষা-নিরীক্ষা করে রিয়ালের মেডিকেল টিম। এরপর তারা ঘোষণা দেয়, ফরাসি তারকা জ্বরে আক্রান্ত হয়েছেন। এ কারণে গতকাল ক্লাবটির অনুশীলনে থাকতে পারেননি এমবাপ্পে। আল হিলালের বিপক্ষে তার মাঠে নামা নিয়ে যথেষ্ট সংশয় আছে। এমবাপ্পের খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে রিয়াল শেষ পর্যন্ত অপেক্ষা করবে।

গত মৌসুমে রিয়ালের হয়ে দারুণ খেলেছেন এমবাপ্পে। মাদ্রিদের ক্লাবটি বড় কোনো শিরোপা জিততে না পারলেও সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি ৪৩টি গোল করেছেন। দলের অন্যতম সেরা তারকাকে নিয়ে রিয়াল কোচ জাবি আলোনসো সংবাদমাধ্যমকে বলেছেন, ‘কিলিয়ান সকালে ভালো অনুভব করলেও সেটা পর্যাপ্ত ছিল না। এখানে অনেক গরম। দেখা যাক সে কেমন অনুভব করে, আগামীকাল (আজ) আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নেব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত