হাবিপ্রবির ৬ হল ও এক ভবনের নাম পরিবর্তন

আপডেট : ১৯ জুন ২০২৫, ১১:৩৪ এএম

উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপিঠ হিসেবে পরিচিত দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ৬টি আবাসিক হল ও একটি ভবনের নাম পরিবর্তন করেছে প্রশাসন। বুধবার (১৮ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত এক অফিস আদেশে ৬টি আবাসিক হল ও একটি ভবনের নাম পরিবর্তন করা হয়।

ভবন গুলো হলো- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পরিবর্তে বিজয়-২৪ হল, তাজউদ্দীন আহমেদ হলের পরিবর্তে শহীদ আবরার ফাহাদ হল, শেখ রাসেল হলের পরিবর্তে শহীদ নূর হোসেন হল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের পরিবর্তে বেগম রোকেয়া হল, আইভি রহমান হলের পরিবর্তে নবাব ফয়জুন্নেসা হল এবং ড. এম.ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের নাম পরিবর্তন করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ভবন নামকরণ করা হয়েছে।

এছাড়া শেখ সায়েরা খাতুন হলের নাম পরিবর্তন করে বেগম খালেদা জিয়া হল নামকরণ করার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে বেগম খালেদা জিয়া হলের নামকরণ করার বিষয়টি তার পরিবারের সদস্যগণের সম্মতি সাপেক্ষে চূড়ান্ত করা হবে বলে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়- বৈষম্যবিরোধী আন্দোলনে সম্পৃক্ত সাধারণ শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল এবং ভবনের নাম পরিবর্তন সংক্রান্ত বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত কমিটি গুগল ফরম তৈরি করে। সবার মধ্যে তা প্রচারসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে মতবিনিময় এবং গুগল ফরম পূরণ পর্যালোচনা পূর্বক সদস্যবৃন্দের ঐকমত্যের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল এবং ভবনসমূহের বিদ্যমান নামের বিপরীতে নতুন নামকরণ করে অনুমোদনের জন্য সুপারিশ প্রদান করা হয়।

রেজিষ্ট্রার অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর কবির জানান, গত ২৯ মে অনুষ্ঠিত ৫৯তম রিজেন্ট বোর্ডের সভায় ৯নং আলোচ্য বিষয়ের মাধ্যমে উপস্থাপিত হয়। কমিটির সুপারিশসমূহে আংশিক সংশোধন সাপেক্ষে বোর্ড অব রিজেন্টস অনুমোদন প্রদান করে। সেই অনুমোদন বাস্তবায়নে অফিস আদেশ জারি করা হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত