চট্টগ্রামের সন্দ্বীপে শ্বাসনালিতে মার্বেল আটকে আথনাজ নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার রাত ৮টার দিকে উপজেলার গাছুয়া ইউনিয়নের ছবি রহমানের নতুন বাড়িতে এ ঘটনা ঘটে। আথনাজ ওই বাড়ির মো. বাবলুর মেয়ে।
পারিবারিক সূত্র জানিয়েছে, বুধবার রাত ৮টার দিকে খেলার সময় সবার অগোচরে একটি মার্বেল গিলে ফেলে শিশু আথনাজ। মার্বেলটি শ্বাসনালিতে ঢুকে শ্বাসকষ্ট শুরু হলে বিষয়টি তার মা ও অন্যদের নজরে আসে। পরিবারের সদস্যরা দ্রুত সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে মার্বেলটি বের করা সম্ভব হয়নি। পরে শিশুটিকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সন্দ্বীপের হারামিয়ায় অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে রাত ৯টার দিকে শিশুটির মৃত্যু হয়।
আথনাজের মামী রোকেয়া বেগম সংবাদমাধ্যমকে জানান, ‘স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যুৎ ছিল না, ছিল ঘুটঘুটে অন্ধকার। আমরা বাড়ি থেকে টর্চলাইট নেওয়ার ব্যবস্থা করি। উপস্থিত চিকিৎসকরা অনেকভাবে চেষ্টা করলেও মার্বেলটি বের করতে পারেননি। যন্ত্রপাতি, এক্সরে কিছুই ছিল না সরকারি হাসপাতালটিতে। হাসপাতালে সময়মতো ব্যবস্থা নেওয়া গেলে হয়তো আথনাজকে বাঁচানো যেত।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক অপু চক্রবর্তী জানান, ‘শিশুটিকে সিলিন্ডারের অক্সিজেন সাপোর্ট দিয়ে মার্বেল বের করার অনেক চেষ্টা করেছি। কিন্তু গভীরে আটকানো মার্বেল বের করে আনার মতো যান্ত্রিক সুবিধা আমাদের নেই।’
