শিল্পের ক্রমবর্ধন অগ্রগতি একদিকে যেমন মানবসভ্যতাকে এগিয়ে দিচ্ছে, অন্যদিকে পরিবেশের ওপর ভয়াবহ নেতিবাচক প্রভাব বিস্তার করছে। বিশ্বে নানা কারণে নিয়মিত শিল্পবর্জ্য তৈরি হচ্ছে। এসব শিল্পবর্জ্য ভবিষ্যতে অপরিবর্তনীয় প্রভাব বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের তথ্যমতে, ইস্পাত তৈরির প্রক্রিয়ায় উৎপন্ন কঠিন বর্জ্য বা সø্যাগ মূলত ক্যালসিয়াম, লোহা, সিলিকন ও ম্যাগনেশিয়ামের অক্সাইড দিয়ে গঠিত। এই বর্জ্য কঠিন পাথরে পরিণত হয়। আগে ধারণা করা হতো, প্রক্রিয়াটি সম্পন্ন হতে হাজার হাজার বছর সময় প্রয়োজন হয়ে থাকে। তবে মাত্র ৩৫ বছরের মধ্যে এই শিল্পবর্জ্য কঠিন পাথরে রূপান্তরিত হয়েছে। যা বিজ্ঞানীদের চমকে দিয়েছে।
‘জিওলজি’ সাময়িকীতে প্রকাশিত এক গবেষণাপত্রে বর্জ্যরে কঠিন পদার্থের রূপান্তরের বিষয়টি প্রকাশ পেয়েছে। যুক্তরাজ্যের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের স্কুল অব জিওগ্রাফিক্যাল অ্যান্ড আর্থ সায়েন্সেসের বিজ্ঞানী আমান্ডা ওয়েন বলেন, কয়েকশ বছর ধরে আমরা শিলাচক্রকে একটি প্রাকৃতিক প্রক্রিয়া
হিসেবে জানি। এই প্রক্রিয়ায় হাজার হাজার থেকে লাখ লাখ বছর সময় লাগে। আমরা দেখেছি মানবসৃষ্ট বর্জ্য প্রাকৃতিক ব্যবস্থায় অন্তর্ভুক্ত হচ্ছে। কয়েক দশকের মধ্যে লিথিফাইড শিলায় পরিণত হচ্ছে।
বিজ্ঞানী জন ম্যাকডোনাল্ড বলেন, আমরা অসাধারণ নির্ভুলতার সঙ্গে এই প্রক্রিয়াটির তারিখ নির্ধারণ করতে সক্ষম হয়েছি। আমরা ১৯৩৪ সালের রাজা পঞ্চম জর্জ প্রবর্তিত মুদ্রা ও ১৯৮৯ সালের একটি অ্যালুমিনিয়াম ক্যান উভয়ই পেয়েছি, যার নকশা আমরা বুঝতে পেরেছিলাম। এই শিলা গঠনের জন্য সর্বোচ্চ ৩৫ বছর সময়সীমা দেখা যায়। নতুন এ গবেষণায় বলা হয়েছে, আধুনিক বিশ্বে মানুষ যে বর্জ্য পদার্থ তৈরি করছে, তা ভবিষ্যতের ওপর অপরিবর্তনীয় প্রভাব ফেলবে। এ বিষয়ে বিজ্ঞানীরা জানিয়েছেন, সবকিছুই এক সময় শিলা হিসেবে অবস্থান করবে। এই প্রক্রিয়ায় আসলে কত সময় লাগবে, তা নিয়ে ধারণা কম ছিল।
