৩ বছর পর একত্র হবেন বিটিএসের সাত সদস্য

আপডেট : ২১ জুন ২০২৫, ১২:৫৬ এএম

তিন বছর হয়ে গেছে বিটিএসের কার্যক্রম বন্ধ। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় এ ব্যান্ডের সাত সদস্যের সবাই ছিলেন বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণে। এরই মধ্যে আর এম জিন জে হোপ, জিমিন, ভি ও জাংকুক প্রশিক্ষণ শেষ করে চলে এসেছেন। ২১ জুন সুগার প্রশিক্ষণও শেষ হবে। প্রায় তিন বছর পর একত্র হবেন বিটিএসের সাত সদস্য।

ভক্তরা অপেক্ষায় আছেন, কবে আবার তাদের একসঙ্গে মঞ্চে দেখা যাবে! কবে নতুন গান নিয়ে ফিরবে বিটিএস!

২০২২ সালের ১৫ অক্টোবর ‘ইয়েট টু কাম’ কনসার্টে সর্বশেষ দেখা গিয়ে ছিল বিটিএসের পারফরম্যান্স। সেখানে বিটিএস সদস্যরা ভক্তদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, সামরিক প্রশিক্ষণ থেকে ফিরে এসে আরও চমৎকার সব গান উপহার দেবেন তারা। সেই সময় এসে গেছে। ব্যান্ডটি যে সংস্থার মাধ্যমে পরিচালিত হয়, সেই হাইব করপোরেশন সম্প্রতি দ্য কোরিয়া হেরাল্ডকে জানিয়েছে, ২০২৬ সালের মার্চে ফেরার পরিকল্পনা করছে বিটিএস। ওই সময় নতুন গান ও কনসার্ট দিয়ে আবার ভক্তদের মুখোমুখি হবে ব্যান্ডটি।

একই সময়ে ফেরার পরিকল্পনা ছিল আরেকটি কোরিয়ান ব্যান্ড টুমরো এক্স টুমরোর। তবে সিনিয়র ব্যান্ডকে জায়গা দিতে এ ব্যান্ডের প্রত্যাবর্তনের তারিখ বদলানো হচ্ছে বলে জানিয়েছে দ্য কোরিয়া হেরাল্ড। এই সংবাদমাধ্যমকে একটি সূত্র বলে, যদিও বিটিএসের প্রত্যাবর্তনের সঠিক তারিখ এখনো ঠিক হয়নি। তবে এটি ২০২৬ সালের মার্চের মাঝামাঝি হবে। একই সময়ে টুমরো এক্স টুমরোরও ফেরার কথা। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথমে বিটিএস আসবে, পরে টিএক্সটি। অথবা অন্যভাবেও হতে পারে।

বিটিএসকে নতুনভাবে সামনে আনতে এরই মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছেন হাইবের সিইও লি জে স্যাং।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত