বিচার বিভাগ নিয়ে জাতীয় সেমিনার আগামীকাল

আপডেট : ২১ জুন ২০২৫, ০৭:৩৮ এএম

বিচার বিভাগের স্বাধীনতা ও কার্যকারিতা নিয়ে জাতীয় সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল রবিবার। ‘জুডিশিয়াল ইন্ডিপেনডেন্ট অ্যান্ড এফিসিয়েন্সি’ শীর্ষক এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আরও উপস্থিত থাকবেন আইন ও বিচার বিভাগ কেন্দ্রিক দপ্তরগুলোর দায়িত্বরত ঊর্ধ্বতনরা। এ ছাড়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরাসহ মহানগর দায়রা জজ, জেলা ও দায়রা জজ, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদমর্যাদার ১৪৩ জন বিচারক সেমিনারে অংশ নেবেন।

ইতিমধ্যে অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। সেমিনারের প্রথম সেশনটি অনুষ্ঠিত হবে দুপুর ২টায়। এতে বক্তব্য রাখবেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। এই সেশনে ‘রিফর্মস ফর জুডিশিয়াল ইন্ডিপেনডেন্স অ্যান্ড প্রসিকিউটরিয়াল অটোনমি’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিকেল ৩টার পর আরেকটি সেশনে ‘জুডিশিয়াল এফিসিয়েন্সি, ডিজিটালাইজেশন অ্যান্ড স্পেশালাইজেশন’ শীর্ষক আলোচনা হবে। 

সুপ্রিম কোর্ট প্রশাসনের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ দায়িত্ব নেওয়ার পর গত বছরের ২১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে প্রাঙ্গণে সারা দেশের অধস্তন আদালতের বিচারকদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে বিচার বিভাগের সংস্কারের লক্ষ্যে রোডম্যাপ ঘোষণা করেছিলেন। সে লক্ষ্যে উচ্চ আদালতে বিচারক নিয়োগ আইন, বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয়সহ বেশ কিছু লক্ষ্য নিয়ে ইতিমধ্যে নানা পদক্ষেপ ও উদ্যোগ নিয়েছেন প্রধান বিচারপতি। এর ধারাবাহিকতায় গত কয়েক মাসে বিচার বিভাগের সংস্কার ও স্বাধীনতা নিয়ে দেশের প্রতিটি বিভাগ সফর করে সেমিনার করেছেন প্রধান বিচারপতি। সে আঙ্গিকে রবিবার অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় এই সেমিনারটি বিশেষ গুরুত্ব বহন করবে বলে মনে করেন আইন ও বিচার সংশ্লিষ্টরা। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মো. মোয়াজ্জেম হোছাইন গতকাল দেশ রূপান্তরকে বলেন, ‘প্রধান বিচারপতি গত কয়েক মাসে বিভাগীয় শহরগুলোতে ধারাবাহিকভাবে সেমিনার করেছেন। রবিবার জাতীয়ভাবে ঢাকায় এই সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। এ লক্ষ্যে আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।’    

এদিকে রবিবার অনুষ্ঠেয় সেমিনার বিচার বিভাগ ও বিচার বিভাগের পৃথক সচিবালয়ের জন্য একটি টার্নিং পয়েন্ট হবে বলে মনে করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। গত বৃহস্পতিবার দুপুরে প্রধান বিচারপতি হাইকোর্ট এবং হাইকোর্টের নকল শাখা পরিদর্শনে যান। প্রধান বিচারপতি এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘আপনারা (সাংবাদিক) তো আমন্ত্রিত। আপনারা দেখবেন, পর্যালোচনা করবেন। কোথায় আমরা যাচ্ছি ২২ তারিখের পরে। তবে আমি মনে করি প্রাতিষ্ঠানিকভাবে এটা একটা টার্নিং পয়েন্ট হবে।’ ওই দিন জাতীয় সেমিনারে বিচার বিভাগের পৃথক সচিবালয়ের ঘোষণা আসতে পারে কি না, এমন প্রশ্নে প্রধান বিচারপতি বলেন, ‘এতটুকু আশা করতে পারেন, গত ৭-৮ মাস ধরে সারা দেশে আমি যা বলে এসেছি সেই বক্তব্যটা (বিচার বিভাগের সংস্কার) আরও জোরালোভাবে আমি নিজে রাখব, এতটুকু আশা করতে পারি।’ ২২ জুন বিচার বিভাগের জন্য টার্নিং পয়েন্ট কি না, এমন প্রশ্নে প্রধান বিচারপতি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে সেটাই মনে করি। আর যা করণীয় আমার যা বক্তব্য রাখার আমি জোরালোভাবেই রাখব।’

আগামীকালের সেমিনারে সভাপতিত্ব করবেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। শুভেচ্ছা বক্তব্য রাখবেন বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার। অনুষ্ঠানের শুরুতে ‘রোডম্যাপ ফর জুডিশিয়াল রিফর্ম ইন বাংলাদেশ’ শীর্ষক একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হবে। সূচি অনুযায়ী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ছাড়াও আরও বক্তব্য রাখবেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এএম মাহবুব উদ্দিন খোকন প্রমুখ।   

×
সর্বশেষ সর্বাধিক পঠিত