ইপিজেড বাস্তবায়ন ও অবৈধ দখলদারদের গ্রেপ্তার দাবি

আপডেট : ২৩ জুন ২০২৫, ১২:২১ এএম

প্রস্তাবিত রংপুর ইপিজেড বাস্তবায়ন ও অবৈধ দখলদারদের গ্রেপ্তারের দাবিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। এ সময় উপজেলা পরিষদের মূল ফটকে তালা দেন ছাত্র-জনতা।

গতকাল রবিবার সকাল ৯টায় উপজেলা পরিষদের মূল ফটকের সামনে অবস্থান নেন তারা। দুপুর পৌনে ১২টার দিকে অবস্থান কর্মসূচি শেষ হয়। কর্মসূচি চলাকালে বক্তব্য দেন এম এ মতিন মোল্লা, রাশেদ রায়হান, মাকসুদ রহমান, রফিকুল ইসলাম রফিক, মোস্তাকিন, মিশকাত হাসান কৌশিক প্রমুখ।

এদিকে, উপজেলা পরিষদ ভবনের মূল ফটকে তালা দেওয়ায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মচারী-কর্মকর্তারা প্রবেশ করতে পারেননি। এতে প্রায় তিন ঘণ্টা এসব দপ্তরের কার্যক্রম বন্ধ ছিল।

বক্তারা বলেন, গাইবান্ধা জেলার একমাত্র কৃষিভিত্তিক ভারী শিল্প কারখানা উপজেলার মহিমাগঞ্জের রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় ইপিজেড স্থাপনের সব প্রস্তুতি গ্রহণ করে সরকার। কিন্তু চিনিকলে আখ মাড়াই বন্ধ হওয়ার পর স্থানীয় একটি ভূমিদস্যু চক্র দেশের বিভিন্ন স্থান থেকে লোকজনকে জমি পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে ডেকে আনে। তাদের সামনে রেখে চক্রটি ধীরে ধীরে খামারের প্রায় সব জমি দখল করে নিয়েছে। তারা একটি সম্প্রদায়ের মানুষকে ঢাল হিসেবে সামনে রাখছে। আন্দোলনের নামে ভয় দেখিয়ে জমি দখল করছে। এ কারণে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী আন্দোলনে নেমেছে। অবিলম্বে ইপিজেড নির্মাণের কাজ শুরু না করলে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।

বক্তারা বলেন, এ আন্দোলনের অংশ হিসেবে আজ সোমবার লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হবে।

এ ব্যাপারে জানতে চাইলে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন, ‘আমি ডিসি অফিসে সকাল থেকেই একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে রয়েছি। অবস্থান কর্মসূচির বিষয়টি সম্পর্কে আমি বলতে পারছি না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত