মানবতাবিরোধী অপরাধ

প্রথম কোনো অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য

আপডেট : ২৩ জুন ২০২৫, ০৭:৩৪ এএম

গণঅভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুলে ছয় জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গতকাল রবিবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনাল আগামী ২৯ জুন অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করে। এর মধ্য দিয়ে জুলাই-আগস্টে সংঘটিত ব্যাপক হত্যাকা-সহ মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম কোনো অভিযোগ গঠনের জন্য শুনানির দিন ধার্য হলো। এর আগে গত ২৫ মে চানখাঁরপুল হত্যাকা-ের মামলায় পুলিশের ৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেয় ট্রাইব্যুনাল। এর মাধ্যমে জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের কোনো মামলায় প্রথম আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হয়। এ মামলার আসামিরা হলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, পুলিশের রমনা জোনের সাবেক এডিসি শাহ আলম মো. আখতারুল ইসলাম, সাবেক এসি মো. ইমরুল, শাহবাগ থানার সাবেক পুলিশ পরিদর্শক (অপারেশন) আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন, কনস্টেবল ইমাজ হোসেন ইমন এবং কনস্টেবল নাসিরুল ইসলাম। আসামিদের মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা আরশাদ হোসেন, সুজন হোসেন, ইমাজ হোসেন ও নাসিরুল ইসলামকে গতকাল ট্রাইব্যুনালে হাজির করা হয়। অপর চার আসামি এখনো পলাতক। তাদের ট্রাইব্যুনালে হাজির হয়ে আত্মসমর্পণ করতে ৩ জুন সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ হয়। গতকাল তাদের হাজির হওয়ার নির্দেশনা থাকলেও তারা হাজির হননি। ট্রাইব্যুনাল এ আসামিদের পক্ষে শুনানির জন্য স্টেট ডিফেন্স লইয়ার (রাষ্ট্র নিযুক্ত আইনজীবী) নিযুক্ত করেছেন বলে জানান প্রসিকিউশনের আইনজীবীরা।

গতকাল শুনানির পর প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম সাংবাদিকদের বলেন, চানখাঁরপুল হত্যাকা-ের মামলায় আজ (গতকাল) পরবর্তী আদেশের জন্য ছিল। পলাতক যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল তাদের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা যায়নি মর্মে রিপোর্ট আসার পর পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। আগামী ২৯ জুন অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য হয়েছে। আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স লইয়ার নিযুক্তের বিষয়টি জানিয়ে তিনি বলেন, এটি আদালতের সিদ্ধান্তের বিষয়। আদালত যাদের উপযুক্ত মনে করবে নিযুক্ত করবে। ট্রাইব্যুনালের আইনেই বলা আছে পলাতকদের পক্ষে আইনজীবী নিয়োগ দিতে হবে।

চানখাঁরপুল হত্যাকা-ের মামলায় গত ২০ এপ্রিল ৮ আসামিকে অভিযুক্ত করে প্রসিকিউশন শাখায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছিল ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। প্রতিবেদনে বলা হয়, ঢাকা মহানগরের চানখাঁরপুলে আসামিরা কর্তৃক নিরস্ত্র ও শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়েছে। প্রতিবেদনে গত বছরের ৫ আগস্ট চানখাঁরপুলে ছয় জন নিহতের তথ্য দেওয়া হয়। তারা হলেন শহীদ শাহরিয়ার খান আনাস, শহীদ শেখ মাহদি হাসান জুনায়েদ, শহীদ মোহাম্মদ ইয়াকুব, শহীদ মো. রাকিব হাওলাদার, শহীদ মো. ইসমামুল হক ও শহীদ মানিক মিয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত