আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) উদ্যোগে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক সহায়তায় ঢাকায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার শোভাযাত্রার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
গতকাল মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
লেটস মুভ এই প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত শোভাযাত্রার মূল উদ্দেশ্য ছিল ক্রীড়াবিদ ও সর্বস্তরের জনগণকে শরীর চর্চা ও ক্রীড়া কার্যক্রমে উৎসাহিত করা এবং অন্যদেরও ক্রীড়া চর্চায় অনুপ্রাণিত করা। দেশের সাতটি বিভাগীয় শহরে বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোর সহায়তায় একযোগে শোভাযাত্রা হয়।
ঢাকায় কেন্দ্রীয় শোভাযাত্রাটি সকাল সাড়ে ৬টায় বাংলাদেশ শিশু একাডেমি থেকে শুরু হয়ে শিক্ষা ভবন-বাংলাদেশ সচিবালয়-জিরো পয়েন্ট-জিপিও অতিক্রম করে জাতীয় স্টেডিয়ামের ১ নম্বর গেটে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় অংশ নেন জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ, প্রশিক্ষক, সংগঠক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তা, সামরিক ও বেসামরিক বিভিন্ন সংস্থা এবং সাধারণ ক্রীড়াপ্রেমীসহ দুই হাজারেরও অধিক মানুষ।
শোভাযাত্রা শেষে জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সেনাবাহিনীর অর্কেস্ট্রা দল একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সেনাবাহিনীপ্রধান সেখানে উপস্থিত অলিম্পিয়াডদের মধ্যে বিশেষ সম্মাননা ও সনদপত্র তুলে দেন।
