ব্রাহ্মণবাড়িয়ায় ফুল ছেঁড়া নিয়ে সংঘর্ষে পুলিশসহ আহত ৩৭

আপডেট : ২৬ জুন ২০২৫, ১২:১৫ এএম

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ফুল ছেঁড়া নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে ৭ পুলিশ সদস্যসহ গ্রামটির দুই পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। গত মঙ্গলবার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার বাহাদুরপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে দোকানপাট, বাড়িঘর ভাঙচুর ও আগুন দেওয়া হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রায় ১০/১২ দিন আগে মহাজন বাড়ি ও সরকার বাড়ির মধ্যে ফুটবল খেলা নিয়ে ঝগড়া হয়েছিল। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হয়। এরপর গত মঙ্গলবার বিকেলে বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই গোষ্ঠীর লোকজন ফুটবল খেলার আয়োজন করে। ওই সময় মহাজন বাড়ির একটি ছেলে পাশে একটি কবরস্থান থেকে ফুল ছিঁড়ে নিয়ে আসে। এরপর সরকার বাড়ির আরেকজন ছেলে স্কুলের আঙিনা থেকে একটি ফুল ছেঁড়ে। এ সময় ফুল ছেঁড়া নিয়ে উভয়ের মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে হাতাহাতি হয়। বিষয়টি গ্রামের দুই গোষ্ঠীর মধ্যে ছড়িয়ে পড়লে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে ইটপাটকেলের আঘাতে সাত পুলিশ সদস্য আহত হয় এবং তাদের ব্যবহৃত সরকারি গাড়িও ভাঙচুর করা হয়।

ওসি খাইরুল আলম বলেন, খবর পেয়ে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত