বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমার অভ্যন্তরে স্থলমাইন বিস্ফোরণে ওমর মিয়া (২৫) নামে এক বাংলাদেশির বাম পা বিচ্ছিন্ন হয়েছে। তিনি কক্সবাজার জেলার রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাবের মিয়ার ছেলে।
গত মঙ্গলবার সকাল ১০টার দিকে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির আওতাধীন জারুলিয়াছড়ি বিওপির দায়িত্বপূর্ণ ৪৬-৪৭ নম্বর সীমান্ত খুঁটির আনুমানিক ৪০০ মিটার মিয়ানমার ভূখ-ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তে গরু ও মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ওমর মিয়া। সীমান্ত দিয়ে প্রায় সময় গরু ও মাদক আনা-নেওয়া করতেন তিনি। আরাকান আর্মি নিয়ন্ত্রিত অংথ্রাবে ক্যাম্পসংলগ্ন এলাকায় আগে থেকে পুঁতে রাখা একটি স্থলমাইন বিস্ফোরিত হলে গুরুতর আহত হন ওমর মিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মাসরুরুল বলেন, মাইন বিস্ফোরণে একজন আহত হওয়ার বিষয়টি শুনেছি। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, মিয়ানমার অভ্যন্তরে বারবার মাইন বিস্ফোরণের ঘটনা অত্যন্ত দুঃখজনক।
