গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এক নারীসহ ২ জন নিহতের খবর পাওয়া গেছে। একজন ঘটনাস্থলে অপরজন হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৬ জুন) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের পুরাতন মুকসুদপুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার কদমী গ্রামের রহমানের স্ত্রী রহিমা বেগম (৩০) ও উপজেলার জয়পাশা গ্রামের সৈয়দ জামালউদ্দীন (৭০)।
জানা যায়, রাস্তা পার হওয়ার সময় একটি বালুর ট্রাকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হয় নিহত রহিমা বেগম। এ ঘটনায় গুরুতর আহত সৈয়দ জামালউদ্দীনকে হাসপাতালে নেয়ার পর মারা যান।
মুকসুদপুর থানার ইন্সপেক্টর তদন্ত শীতল চন্দ্র পাল জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
