শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে নাহিদ রানাকে নিয়ে বেশ আশা ছিল সবার। তবে তরুণ পেসার প্রত্যাশা পূরণ করতে পারেননি। দুই টেস্টের দুই ইনিংস মিলিয়ে ১৬২ রান খরচায় অবশেষে তিনি উইকেটের দেখা পেয়েছেন। কলম্বো টেস্টের তৃতীয় দিন সকালে তার শিকার হয়েছেন প্রবাথ জয়াসুরিয়া (১০)।
আজ শুক্রবার সকালে নিজের করা প্রথম ওভারেই নাইটওয়াচম্যান প্রবাথ জয়াসুরিয়াকে ফিরিয়েছেন নাহিদ। গলে অনুষ্ঠিত প্রথম টেস্টে তিনি ১৯ ওভারে ৫.১০ গড়ে ৯৭ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। দ্বিতীয় ইনিংসে বল করার সুযোগ পাননি। সেই টেস্টে তার বোলিং বেশ সমালোচিত হয়েছিল। চলতি দ্বিতীয় টেস্টে প্রবাতকে ফেরানোর আগ পর্যন্ত নাহিদ ১৩ ওভারে খরচ করেছিলেন ৬৫ রান।
অবশ্য আরও একটি উইকেট পেতে পারতেন নাহিদ। তার প্রথম ওভারে দুইবার ক্যাচ দিয়ে ফিল্ডার না থাকায় বেঁচে যান কামিন্দু মেন্ডিস। রানার আরেক ওভারে বল তার ব্যাটের কানায় লেগে স্টাম্পে আঘাত করলেও বেল পড়েনি! উল্টো অফ স্টাম্প ছুঁয়ে বল যায় বাউন্ডারিতে। ধারাভাষ্যকারদের যেন বিশ্বাসই হচ্ছিল না। নাহিদের মতো প্রচণ্ড গতির বোলারের বলের আঘাতে কীভাবে স্টাম্প অক্ষত রইল?
দিনের শুরুতে সাফল্য পেলেও তরতর করে বাড়ছে লঙ্কানদের স্কোর। ৯২ ওভারে তাদের সংগ্রহ ৫ উইকেটে ৩৫১ রান। তাদের লিড হয়ে গেছে ১০৪ রানের। বাংলাদেশ প্রথম ইনিংসে মাত্র ২৪৭ রানে অল-আউট হয়েছিল।
দুর্দান্ত জয়ে জুভেন্তাসের মুখোমুখি রিয়াল মাদ্রিদ
'জাদেজা এতটা খারাপ বোলিং করেছে- বিশ্বাস হচ্ছে না'