বাগেরহাটের মোংলা বন্দরের পশুর নদীতে এমভি কে আলম গুলশান-২ নামে লাইটার কার্গো জাহাজের ধাক্কায় ডুবে গেছে ফ্লাইঅ্যাশ (সিমেন্ট তৈরির কাঁচামাল) বোঝাই কার্গো জাহাজ। শুক্রবার (২৭ জুন) ভোর ৬টার দিকে মোংলা নদী ও পশু নদীর ত্রিমোহনা সংলগ্ন চরে এ দুর্ঘটনা ঘটে।
ডুবে যাওয়া কার্গো জাহাজটি ৯১৪ মেট্রিক টন ফ্লাইঅ্যাশ নিয়ে নারায়ণগঞ্জের বসুন্ধরা ঘাটে যাওয়ার পথে মোংলা বন্দরে এই দুর্ঘটনা ঘটে। তবে মোংলা বন্দরের পশুর চ্যানেলের চরে এ নৌ দুর্ঘটনা ঘটলেও বন্দর চ্যানেল পুরোপুরি সুরক্ষিত রয়েছে। বন্দর চ্যানেল দিয়ে সব ধরনের নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।
দুর্ঘটনা কবলিত জাহাজ এমভি মিজান-১ এর নাবিক মো. শওকত শেখ জানান, তাদের জাহাজটি পশুর চ্যানেলে নোঙর করা অবস্থায় ছিল। শুক্রবার ভোর ৬টার দিকে এমভি কে আলম গুলশান-২ নামে লাইটার কার্গো জাহাজ তাদের কার্গোর উপর উঠিয়ে দেয়। এ সময় লাইটার কার্গো জাহাজের ধাক্কায় ওই কার্গো জাহাজটি ডুবে যায়।
তিনি আরও জানান, লাইটারের ধাক্কায় তাদের কার্গো জাহাজের পাশ ও তলা ফেটে নদীতে ডুবে গেছে। ওই জাহাজে থাকা ১০ জন স্টাফই সাঁতরিয়ে কুলে উঠে এখন নিরাপদ রয়েছেন।
মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক বোর্ড ও জনসংযোগ বিভাগ মো. মাকরুজ্জামান সাংবাদিকদের বলেন, কার্গো জাহাজ এমভি মিজান-১ অপর একটি লাইটার জাহাজ এমভি কে আলম গুলশান-২ এর ধাক্কায় পশুর নদীর চরে ডুবে গেছে। তবে বন্দর চ্যানেল সুরক্ষিত রয়েছে। বন্দর চ্যানেল দিয়ে সব ধরনের নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।
