ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

আপডেট : ২৮ জুন ২০২৫, ০৭:৩০ এএম

দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজন মারা গেছেন। এ নিয়ে এ মাসে ১৭ জন ডেঙ্গুতে মারা গেল। মাস ভিত্তিতে এই সংখ্যা এ বছরের সর্বোচ্চ। এর আগে সর্বোচ্চ মৃত্যু ছিল জানুয়ারিতে ১০ জনের। এ মাসের গত ২৭ দিনে এই মৃত্যু গত মে মাসের তুলনায় পাঁচ গুণের বেশি। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো ডেঙ্গুর তথ্য বিশ্লেষণ করে মৃত্যুর এ চিত্র পাওয়া গেছে। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া দুজনই পুরুষ। একজনের বয়স ৪৬-৫০ বছর, অন্যজন ৭১-৭৫ বছর বয়সী। তাদের একজন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্যজন পটুয়াখালীর কলাপাড়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন।

এ নিয়ে এ বছর ডেঙ্গুতে ৪০ জন মারা গেল। তাদের মধ্যে ১৯ জন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ১০ জন বরিশাল বিভাগে, চারজন চট্টগ্রাম বিভাগে, একজন ঢাকা বিভাগে, দুজন ঢাকা উত্তর সিটি করপোরেশনে, দুজন খুলনা বিভাগে, একজন ময়মনসিংহ বিভাগে ও একজন রংপুর বিভাগের হাসপাতালে মারা গেছে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১৫৯ জন। সবচেয়ে বেশি ১০৭ জন আক্রান্ত হয়েছে বরিশাল বিভাগে। এরপর চট্টগ্রাম বিভাগে ১১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ছয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৫, রাজশাহী বিভাগে ছয় ও সিলেট বিভাগে দুজন হাসপাতালে ভর্তি হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ১৬৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। চলতি বছর ছাড়পত্র পেয়েছে ৮ হাজার ১৬২ জন। চলতি বছরের ২৬ জুন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৯ হাজার ২২২ জন এবং মৃত্যু হয়েছে ৪০ জনের।

২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয় ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যুবরণ করে ৫৭৫ জন। এর আগের বছর ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত