ধর্মীয় আচার, শোভাযাত্রা ও আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে। ৯ দিনব্যাপী এ উৎসবের প্রথম দিনে রাজধানীসহ সারা দেশে রথের বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বয়স, শ্রেণি-পেশার হাজার হাজার নারী পুরুষ ও শিশুরা অংশ নেন। আগামী ৫ জুলাই উল্টো রথযাত্রার মাধ্যমে এ উৎসবের সমাপ্তি হবে।
সনাতনদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জগন্নাথ দেব জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড। আর নাথ হচ্ছেন ঈশ্বর। এর আলোকে জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। জগন্নাথের অনুগ্রহ পেলে মানুষের কল্যাণ ও মুক্তি লাভ হয়। চিরাচরিত এই বিশ্বাস থেকে রথের ওপর জগন্নাথ দেব মূর্তি রেখে তাকে সাজিয়ে রথ টেনে নিয়ে যাত্রা করেন সনাতন ধর্ম অনুসারীরা। বাংলা বর্ষের আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ উৎসব শুরু হয়।
গতকাল সকালে নানা আচার ও ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। সকালে রাজধানীর স্বামীবাগে ‘আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সঙ্ঘ (ইসকন)’ এর আশ্রমে পূজার্চনা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এরপর বেলা ৩টার পরে রথের শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি টিকাটুলি স্বামীবাগ আশ্রমের সামনে থেকে শুরু হয়ে জয়কালী মন্দির এলাকা, মতিঝিল, পল্টন, প্রেস ক্লাব, দোয়েল চত্বর হয়ে সন্ধ্যা ৬টার দিকে জাতীয় ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় হাজার হাজার নারী-পুরুষ ও শিশুরা নতুন পোশাক ও সাজে আনন্দে মেতে ওঠেন। ঢাক, ঢোল, কাসর বাজিয়ে এবং ধর্মীয় গানের মাধ্যমে আনন্দ, উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা অনুগ্রহ ও কল্যাণ কামনায় জগন্নাথ দেবের উদ্দেশে প্রার্থনা করেন।
