ডুয়েটে এনসিআইএম আন্তর্জাতিক কনফারেন্স শুরু

আপডেট : ২৮ জুন ২০২৫, ০৭:৪৬ এএম

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) দুদিনব্যাপী ‘নেক্সট জেনারেশন কম্পিউটিং, আইওটি অ্যান্ড মেশিন লার্নিং (এনসিআইএম ২০২৫)’ বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্স শুরু হয়েছে। ডুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের (সিএসই) আয়োজনে চতুর্থ শিল্প বিপ্লবের সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থী, গবেষক এবং শিক্ষাবিদদের মানসম্পন্ন গবেষণা সম্পাদনে সহায়তা ও উৎসাহিত করতে গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের শহীদ শাকিল পারভেজ অডিটোরিয়ামে এ কনফারেন্সের উদ্বোধন করা হয়।

দুদিনব্যাপী এই কনফারেন্সে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, মালয়েশিয়া, স্পেন, ইন্ডিয়া, সৌদি আরব এবং দক্ষিণ কোরিয়াসহ বিশ্বের ১৯টি দেশের ৩০০ শতাধিক গবেষক অংশগ্রহণ করছেন।

কনফারেন্সে ১৭৩টি গবেষণাপত্র উপস্থাপিত হবে। অংশগ্রহণকারীদের উপস্থাপনা ও কাজের ভিত্তিতে সেরাদের পুরস্কৃত করা হবে।

সম্মেলনের মিডিয়া পার্টনার এটিএন বাংলা, দৈনিক দেশ রূপান্তর, দ্য বিজনেস স্ট্যান্ডার্ট ও দ্য ডেইলি ক্যাম্পাস।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জয়নাল আবেদীন বলেন, চতুর্থ শিল্পবিপ্লব আমাদের সামনে যেমন নতুন সম্ভাবনা এনেছে, তেমনি চ্যালেঞ্জও তৈরি করেছে। তবে মানবিকতা, নৈতিকতা ও উদ্ভাবনের সঙ্গে গবেষণার সমন্বয় ঘটিয়ে আগামীর পঞ্চম শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করলেই একটি প্রযুক্তি নির্ভর, টেকসই ও বৈষম্যহীন বাংলাদেশ গড়া সম্ভব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত