শান্তিচুক্তি সই করল ডিআর কঙ্গো-রুয়ান্ডা

আপডেট : ২৯ জুন ২০২৫, ১২:৫১ এএম

দীর্ঘদিনের ধ্বংসাত্মক আঞ্চলিক সংঘাত অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে একটি শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছে রুয়ান্ডা ও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআর কঙ্গো)। শুক্রবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দুই প্রতিবেশীর এই চুক্তির মধ্য দিয়ে কঙ্গোর মূল্যবান খনিজ সম্পদে যুক্তরাষ্ট্র প্রবেশাধিকার পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। পূর্ব কঙ্গোতে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর অবসান, নিরস্ত্রীকরণ ও শর্তসাপেক্ষ সংহতির কথা চুক্তিতে দাবি করা হয়েছে। তবে চুক্তির বিস্তারিত এখনো অস্পষ্ট এবং এর আগে এই অঞ্চলে হওয়া শান্তি চুক্তিগুলো ব্যর্থ হয়েছে। তবু নতুন চুক্তিকে যুক্তরাষ্ট্র ও কঙ্গোর প্রেসিডেন্ট ‘প্রজন্মান্তরের বিজয়’ হিসেবে উপস্থাপন করতে পিছপা হননি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, সহিংসতা ও ধ্বংসের অবসান ঘটছে এবং পুরো অঞ্চল একটি নতুন আশা ও সম্ভাবনার অধ্যায় শুরু করছে। ওভাল অফিসে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ডিআর কঙ্গো ও রুয়ান্ডার প্রতিনিধিদের পাশে দাঁড়িয়ে ট্রাম্প চুক্তিটিকে গৌরবময় বিজয় বলে বর্ণনা করেন। চুক্তিতে নিজের স্বাক্ষরের আগে ট্রাম্প বলেন, এটি একটি বিশাল অগ্রগতি। এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে চুক্তিতে সই করেন ডিআর কঙ্গো ও রুয়ান্ডার পররাষ্ট্রমন্ত্রীরা। চুক্তি স্বাক্ষরের আগে কঙ্গোর প্রেসিডেন্ট দপ্তর বলেছে, প্রেসিডেন্ট ফেলিক্স তিশেকেদির আরেকটি কূটনৈতিক সাফল্য সম্ভবত গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কঙ্গোর প্রেসিডেন্ট তিশেকেদি এবং রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কগামে একসঙ্গে ট্রাম্পের সঙ্গে দেখা করতে ওয়াশিংটন যাবেন বলে আলোচনা রয়েছে, যদিও এখনো দিনক্ষণ ঠিক হয়নি। সমঝোতার সঙ্গে সম্পৃক্ত এক কূটনীতিক জানান, চলতি বছরের শুরুতে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছালে শান্তি প্রচেষ্টা শুরু করে কাতার। মধ্যপ্রাচ্যের দেশটি সংঘাতে লিপ্ত দুই দেশের রাজধানীতে দূত পাঠিয়ে উত্তেজনা প্রশমনের আহ্বান জানায়। দোহায় কঙ্গো ও রুয়ান্ডার প্রেসিডেন্টদের মধ্যে বৈঠকের পর একটি যৌথ কমিটি গঠিত হয়, যার পেছনে যুক্তরাষ্ট্রের সমর্থন ছিল বলে জানান ওই কূটনীতিক।

এ বছরের শুরুতে এম২৩ বিদ্রোহীরা আঞ্চলিক রাজধানী গোমা, বুকাভু শহর ও দুটি বিমানবন্দরসহ পূর্ব ডিআর কঙ্গোর বড় একটি অংশ দখল করলে সংঘাত নতুনভাবে ছড়িয়ে পড়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত