পরীক্ষার দিন ভাতিজিকে তুলে নিয়ে ধর্ষণ, চাচাসহ গ্রেপ্তার ২

আপডেট : ২৯ জুন ২০২৫, ১২:২০ এএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে স্কুলে পরীক্ষা দিতে যাওয়ার পথে ষষ্ঠ শ্রেণি পড়–য়া ভাতিজিকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধে। এ নিয়ে গত শুক্রবার রাতে ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে দুজনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। প্রাথমিক তদন্ত শেষে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত চাচা মো. হুমায়ূন (৩০) ও তার সহযোগী কাউসার মিয়াকে (২৪) গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার চাচা হুমায়ূন উপজেলার জাটিয়া ইউনিয়নের কুমারুলী গ্রামের প্রয়াত খোকন মিয়ার ছেলে। একই ইউনিয়নের কড়ইকান্দি গ্রামের সুলতান মিয়ার ছেলে কাউসার মিয়া। হুমায়ূন ও ভুক্তভোগী ওই কিশোরী সম্পর্কে চাচা-ভাতিজি।

ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৫ জুন সকাল সাড়ে ৯টার দিকে অর্ধবার্ষিকী পরীক্ষা দিতে বাড়ি থেকে বেরিয়ে বিদ্যালয়ের সামনে যেতেই ওই কিশোরীকে ইজিবাইকে জোর করে তুলে নিয়ে যান কাউসার মিয়া। মাইজবাগ ইউনিয়নের লক্ষ্মীগঞ্জ বাজারে পৌঁছাতেই চাচা হুমায়ূন ওই ইজিবাইকে ওঠেন। পরে ইজিবাইকযোগে ওই কিশোরীকে উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর চৌরাস্তা বাজারের (চমকিয়া বাজার) পাশে স্থানীয় নূরুল আলমের দোকানঘরে নিয়ে যান। সেখানে চাচা হুমায়ূন ও কাউসার ওই কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করেন। এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি ওবায়দুর রহমান বলেন, গত শুক্রবার রাতে লিখিত অভিযোগ পাওয়ার পরপরই তৎক্ষণাৎ প্রাথমিক তদন্ত শেষে মামলাটি রেকর্ড করা হয়েছে। রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত চাচা হুমায়ূন ও কাউসার মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত