ঢাকার দুই পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (২৮) মধ্যরাতে উত্তরা ও কাফরুল এলাকায় এসব দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট থানা-পুলিশ।
উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা জানান, শনিবার আনুমানিক রাত তিনটার দিকে আজমপুর মোড়ে সড়কে দাঁড়িয়ে থাকা তিনজন পথচারীর উপর একটি ট্রাক উঠে যায়। এতে ঘটনাস্থলে দুইজন মারা যান। আহত অবস্থায় অপরজনকে হাসপাতালে নেওয়া হয়। তিনি সেখানে মারা যান। তাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ট্রাকটি জব্দ করা হয়েছে এবং মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
অন্যদিকে একই রাতে কাফরুল থানাধীন বিজয় সরণি লিংরোডে মাইক্রোবাসের সঙ্গে দ্রুতগামী একটি মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হন। বিষয়টি নিশ্চিত করেছেন কাফরুল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।
তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) জান্নাতুল ফেরদৌস বাদল জানান, ট্রিপল নাইন (৯৯৯) এর ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যজনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা দুজনকেই মৃত ঘোষণা করেন।
এসআই বাদল আরও জানান, নিহত দুইজনের মাথায় কোনো হেলমেট ছিল না। তাদের পরনে ছিল হাফপ্যান্ট ও গেঞ্জি। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল ও মাইক্রোবাসটি কাফরুল থানায় হস্তান্তর করা হয়েছে।
দুই ঘটনাতেই নিহতদের নাম ও পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
আত্মঘাতী হামলায় ১৩ সেনা নিহত, ভারতকে দায়ী করল পাকিস্তান
হাজারীবাগে পানির ট্যাংকি পরিস্কারের সময় বিস্ফোরণ, দগ্ধ ৪