আল নাসরের সঙ্গে আরও দুই বছরের জন্য চুক্তি নবায়ন করেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্তিয়ানো রোনালদো। নতুন এই চুক্তির ফলে ৪২ বছর বয়স পেরিয়েও সৌদি ক্লাবটিতেই খেলবেন তিনি। এরপরই এক ভিডিও বার্তায় সৌদি প্রো লিগকে বিশ্বসেরা পাঁচটি লিগের একটি বলে মন্তব্য করেছেন রোনালদো।
আল নাসরের অফিশিয়াল ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওতে রোনালদো বলেন, “অবশ্যই সৌদি প্রো লিগ এখনো উন্নতির পর্যায়ে রয়েছে, তবে আমি বিশ্বাস করি, এই মুহূর্তে আমরা বিশ্বের সেরা পাঁচটি লিগের মধ্যে রয়েছি। গত দুই বছরে আমরা যেভাবে এগিয়ে গেছি, তাতে করে এটা নিশ্চিত যে এই লিগ প্রতিনিয়ত উন্নত হচ্ছে।”
তিনি আরও বলেন, “আমি খুশি, কারণ আমি জানি এই লিগটি খুবই প্রতিযোগিতাপূর্ণ। আমাকে যাঁরা সমর্থন করেন, তাঁরা শুধুমাত্র সেই মানুষরা—যাঁরা সৌদি আরবে খেলেননি।” এরপরই সমালোচকদের উদ্দেশে কড়া মন্তব্য করে বলেন,
“তারা ফুটবল সম্পর্কে কিছুই বোঝে না। তারা বলে এই লিগ সেরা পাঁচে নেই।”
আল নাসরে চুক্তি বাড়ানোর পেছনে রোনালদোর আরও একটি বড় কারণ হলো ২০৩৪ সালে সৌদি আরবে অনুষ্ঠেয় ফিফা বিশ্বকাপ। “আমি এই প্রকল্পে বিশ্বাস করি—শুধু আগামী দুই বছরের জন্য নয়, বরং ২০৩৪ সাল পর্যন্ত। কারণ, তখনই সৌদি বিশ্বকাপ আয়োজন করবে। আমি বিশ্বাস করি, সেটিই হবে ইতিহাসের সবচেয়ে সুন্দর বিশ্বকাপ।”
২০২২ সালের শেষ দিকে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বিদায় নিয়ে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন রোনালদো। তবে এখনও কোনো শিরোপা জিততে পারেননি তিনি। “আমার লক্ষ্য সবসময়ই আল নাসরের হয়ে কোনো বড় কিছু জেতা। আমি এখনো সেটা বিশ্বাস করি। এ কারণেই দুই বছরের জন্য চুক্তি নবায়ন করেছি। আমি বিশ্বাস করি, আমি সৌদি আরবে চ্যাম্পিয়ন হব।”
আল নাসরের হয়ে এখন পর্যন্ত ১০৫ ম্যাচে ৯৩টি গোল করেছেন তিনি। রোনালদোর ক্যারিয়ার গোল সংখ্যা এরই মধ্যে ৯৩২ ছুঁয়েছে—ক্লাব ফুটবলে ৭৯৪টি এবং জাতীয় দলের হয়ে ১৩৮টি গোল। তিনি এখন তাকিয়ে আছেন ১,০০০ গোলের মাইলফলকের দিকে।
সম্প্রতি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর মন্তব্যে ইঙ্গিত পাওয়া গিয়েছিল, আল নাসর ক্লাব বিশ্বকাপে কোয়ালিফাই না করলেও রোনালদোকে বিশেষভাবে খেলানোর চিন্তা করা হচ্ছে। তবে রোনালদো জানান, তিনি বিশ্রাম নিতে চান। “আমার কাছে কিছু প্রস্তাব ছিল ক্লাব বিশ্বকাপে খেলার, কিন্তু আমার মনে হয়েছে এটা সঠিক সময় নয়। আমি বিশ্রাম নিতে চেয়েছি এবং নিজেকে প্রস্তুত রাখতে চেয়েছি। কারণ, সামনে লম্বা মৌসুম এবং বছর শেষে বিশ্বকাপও রয়েছে।”
রোনালদো সর্বশেষ পর্তুগালের হয়ে নেশনস লিগের ফাইনালে স্পেনের বিপক্ষে গোল করেছেন। ম্যাচটি ২-২ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে ইউরোপীয় চ্যাম্পিয়নদের হারায় পর্তুগাল।
৪ ঘণ্টা ৩৮ মিনিটের ম্যাচ জিতে ক্লাব বিশ্বকাপে শেষ আটে চেলসি
টিভি আম্পায়ারিং নিয়ে ক্ষোভ, আইসিসির শাস্তিতে ড্যারেন স্যামি