অবশেষে প্রবেশপত্র পেয়ে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেলেন জামালপুরের প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বঞ্চিত শিক্ষার্থীরা। একটি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর বঞ্চিত ১৭ পরীক্ষার্থীর মধ্যে যাচাই-বাছাইয়ের পর ১২ শিক্ষার্থী প্রবেশপত্র পেয়ে পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। গত শনিবার রাত ১০টার দিকে সব আনুষ্ঠানিকতা শেষে প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে ১২ শিক্ষার্থীর হাতে প্রবেশপত্র তুলে দেয় কলেজ কর্তৃপক্ষ। গতকাল রবিবার পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরে শিক্ষার্থীরা খুবই খুশি।
এর আগে গত বৃহস্পতিবার সকালে প্রবেশপত্র না পেয়ে কলেজের সামনে অবস্থান নেয় ওই শিক্ষার্থীরা।
বঞ্চিত শিক্ষার্থীদের নিয়ে দেশ রূপান্তরসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। শুক্রবার সকালে ময়মনসিংহ শিক্ষা বোর্ড থেকে ৬ সদস্যের একটি তদন্ত দল ওই শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করে দুপুর পর্যন্ত তদন্ত কাজ চালান। সে সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ডেপুটি কন্ট্রোলার ড. কামাল হাসান বলেন, পরীক্ষার বিষয়ে বোর্ড সিদ্ধান্ত নেবে।
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান পরীক্ষার্থীদের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। পরে কলেজ কর্তৃপক্ষ যোগাযোগ করলে ওই শিক্ষার্থীদের ফরম পূরণের সুযোগ দিয়ে প্রবেশপত্র সরবরাহ করে শিক্ষা বোর্ড। এতে গতকাল অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নিয়েছেন ওই শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, আমরা প্রবেশপত্র পেয়েছি। এজন্য শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সব কর্মকর্তার কাছে কৃতজ্ঞ। কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ওয়াহিদুর রহমান সাংবাদিকদের বলেন, প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামানের সহযোগিতায় কাজটি সহজ হয়েছে। ১৭ জন শিক্ষার্থীর তথ্য সঠিক ছিল না, ১২ জন শিক্ষার্থী প্রবেশপত্র পেয়েছে। তারা পরীক্ষায় অংশ নিয়েছে। এজন্য শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ প্রধান পরীক্ষা নিয়ন্ত্রককে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
