জেলার সিএনজি অটোরিকশা ঢাকায় চলাচলের অনুমতি দাবি

আপডেট : ৩০ জুন ২০২৫, ০৩:০১ এএম

ঢাকা মহানগরীতে চলাচলের অনুমতির দাবি তুলে অবস্থান কর্মসূচি পালন করছে ‘ঢাকা থ’ (জেলার সিএনজি) সিএনজিচালিত অটোরিকশা মালিক শ্রমিক ঐক্য জোট। গতকাল রবিবার সকাল থেকে মহাখালী ফ্লাইওভারসংলগ্ন সড়কে এ কর্মসূচি পালন করে তারা। পরে বনানী বিআরটিএ প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করে।

জানা যায়, ‘ঢাকা-থ’ সিএনজিচালিত অটোরিকশা হলো ঢাকা জেলার রেজিস্ট্রেশনপ্রাপ্ত সিএনজি অটোরিকশা, যা ঢাকা মহানগরীতে চলাচলের অনুমতি চেয়ে আসছে। মালিক ও শ্রমিকরা দীর্ঘদিন ধরে এ অটোরিকশাগুলোকে ঢাকা শহরে চলাচলের অনুমতি দেওয়ার জন্য দাবি জানিয়ে আসছেন। বর্তমানে এ অটোরিকশাগুলো ঢাকা জেলার বাইরে চলাচল করতে পারলেও, ঢাকা মেট্রোপলিটন এলাকায় চলাচলের অনুমতি নেই।

অবস্থান কর্মসূচিতে আসা মালিক শ্রমিক ঐক্য জোটের নেতারা বলেন, ঢাকা জেলায় নিবন্ধিত হওয়ায় এ অটোরিকশাগুলোর ঢাকা শহরে চলাচলে কোনো বাধা থাকা উচিত নয়। এ অটোরিকশাগুলোর বৈধতা ও কর্মসংস্থান নিশ্চিত করার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতিও দাবি জানানো হয়েছে। তাই ঢাকা-থ সিএনজি অটোরিকশা উচ্ছেদ না করে আমাদের দাবি মেনে নিয়ে, ঢাকা মেট্রো এলাকায় চলাচলের অনুমতি দেওয়া হোক।

এদিকে অবস্থান কর্মসূচিতে বিআরটিএ পরিচালক (অপারেশন) মীর আহমেদ তারিকুল ওমর এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সেখানে তিনি জানান, বিআরটিএ চেয়ারম্যান মালিক শ্রমিক ঐক্য জোটের যে দাবিগুলো আছে, সেগুলো গুরুত্ব দিয়ে দেখছেন। দাবিগুলো মন্ত্রণালয়ে পাঠানো হবে। পরে যথাযথ কর্র্তৃপক্ষ বিষয়টি দেখবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত