৪৪তম বিসিএসে ১৬৯০ জনকে নিয়োগে সুপারিশ

আপডেট : ০১ জুলাই ২০২৫, ০৭:২৩ এএম

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এতে ১ হাজার ৬৯০ জনকে ক্যাডার পদে নিয়োগ দিতে সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার পর পিএসসির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডার পদে ১ হাজার ৭১০টি শূন্যপদের বিপরীতে চূড়ান্তভাবে নির্বাচিত ১ হাজার ৬৯০ জন প্রার্থীকে নিয়োগের জন্য কমিশন সাময়িকভাবে মনোনয়ন দিয়েছে। যোগ্যতাসম্পন্ন প্রার্থী না পাওয়ায় কারিগরি/পেশাগত ক্যাডারের ২০টি পদে প্রার্থী মনোনয়ন করা সম্ভব হয়নি।

এতে আরও বলা হয়, মনোনয়নসংক্রান্ত বিস্তারিত তথ্য কমিশন ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রকাশিত ফলাফলে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় কৃতকার্য হলেও সব প্রার্থীকে ক্যাডার পদে নিয়োগের জন্য মনোনয়ন করা সম্ভব হয়নি। যেসব প্রার্থীকে ক্যাডার পদে নিয়োগের জন্য মনোনয়ন করা সম্ভব হয়নি, তাদের নন-ক্যাডার পদে নিয়োগের বিধান অনুযায়ী সরকারের নিকট হতে শূন্যপদে নিয়োগের অধিযাচন প্রাপ্তি সাপেক্ষে পর্যায়ক্রমে মেধাক্রম ও বিদ্যমান বিধি-বিধান অনুসরণ করে সুপারিশের লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করা হবে।

২০২১ সালের ৩০ নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। এ ক্যাডারে পদসংখ্যা ৭৭৬টি। এ ছাড়া প্রশাসন ক্যাডারে ২৫০, পুলিশে ৫০, পররাষ্ট্রে ১০, আনসারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, পরিবার পরিকল্পনায় ২৭ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত