বরগুনার তালতলীতে উপজেলা বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি চলাকালে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৪ জন আহত হয়। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা সদর রোডে এ ঘটনা ঘটে।
উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শহিদুল হকের সমর্থক এবং যুগ্ম আহ্বায়ক ও তালতলী বাজার বহুমুখী সাধারণ ব্যবসায়ী সমিতির সভাপতি মাহবুবুল আলম মামুন এবং উপজেলা যুবদলের সদস্য সচিব মিয়া রিয়াজুল ইসলাম রিয়াজের নেতৃত্বাধীন পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন সিদ্দিকুর রহমান, শাকিল, রবিউল মুসুল্লী, মহসিন খান, মানু, আলাউদ্দিন, কবির, রহিম, রুবেল, সাহাবুদ্দিন খান, আবদুল হাই, সাইদুল, নুর মোহাম্মদ ও মিজানের নাম (২৫)।
তালতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুল ইসলাম বলেন, আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের বরিশাল পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত সোমবার শহিদুল হকের বিরুদ্ধে মারধর ও চাঁদাবাজির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন ব্যবসায়ী মো. আবুল কালাম। ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম মামুন, যুগ্ম আহ্বায়ক মিয়া শামিম হাসান, যুবদল নেতা রিয়াজ, শ্রমিক দলের নেতা সিদ্দিকুর রহমান।
গতকাল সকাল সাড়ে ১০টায় শহিদুল হকের সমর্থকরা ওই সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়ে সভা ও মানববন্ধনের আয়োজন করেন। একই সময় মামুন ও রিয়াজের নেতৃত্বে অন্যপক্ষ প্রতিবাদ কর্মসূচি পালনের জন্য উপস্থিত হয়। এতে শুরুতে বাগবিত-া এবং একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমার নির্দেশে নৌবাহিনীর সদস্যরা লাঠিপেটা করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।
মাহবুবুল আলম মামুন ও রিয়াজুল ইসলাম রিয়াজ অভিযোগ করেন, আহ্বায়ক শহিদুল হক ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি করেন এবং এক ব্যবসায়ীকে মারধর করেন। এর প্রতিবাদে তারা কর্মসূচি পালন করছিলেন। সে সময় তাদের সমর্থকদের ওপর হামলা চালানো হয়।
আর শহিদুল হক বলেন, তার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শান্তিপূর্ণ মানববন্ধন চলাকালে প্রতিপক্ষ পরিকল্পিতভাবে হামলা চালায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা বলেন, সংঘর্ষের খবর পেয়ে নৌবাহিনীসহ প্রশাসন ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার প্রচেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক করে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওই সময় দোকানপাট বন্ধের নির্দেশ দেওয়া হয়। দুই ঘণ্টা পর তা খুলে দেওয়া হয়েছে।
