শান্তি আলোচনার মধ্যেই গাজায় এক দিনে নিহত ৯৫

আপডেট : ০২ জুলাই ২০২৫, ০৭:২৬ এএম

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতা চলছেই। পশ্চিম গাজার একটি জনপ্রিয় সমুদ্রতীরবর্তী ক্যাফেতে গত সোমবার ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এ ছাড়া ইসরায়েলি বাহিনী গাজায় একটি স্কুল ও খাদ্য বিতরণ কেন্দ্রগুলোয় বোমা হামলা চালিয়েছে। সোমবার চালানো এসব হামলায় কমপক্ষে ৯৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এ ছাড়া তারা হাসপাতালে হামলা চালিয়ে আরও কয়েকজনকে আহত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা বলছে, যুক্তরাষ্ট্রে যুদ্ধবিরতি বিষয়ে আলোচনার আগে কয়েক সপ্তাহের মধ্যে অন্যতম ভয়াবহ হামলা ছিল এটি।

ইসরায়েলের তীব্রতম এ হামলায় নিহতদের মধ্যে অন্তত ৬২ জন গাজা শহর ও উত্তর গাজার বাসিন্দা। উত্তর গাজা শহরের উপকূলবর্তী ‘আল-বাকা ক্যাফেটেরিয়া’ নামের একটি ক্যাফেতে ইসরায়েলি হামলায় ৩৯ জন নিহত হয়। এই হামলায় আরও বহু মানুষ আহত হয়েছে। নিহতদের মধ্যে সাংবাদিক ইসমাইল আবু হাতাব এবং নারী ও শিশুরা ছিল। তারা ওই ক্যাফেতে এক জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিল। এক প্রত্যক্ষদর্শী ইয়াহিয়া শরিফ বলেন, এই জায়গার কোনো রাজনৈতিক বা সামরিক সংশ্লিষ্টতা ছিল না। এখানে অনেক মানুষ শিশুদের জন্মদিনের অনুষ্ঠানের জন্য জমায়েত হয়েছিল। হামলায় ক্যাফেটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং মাটিতে একটি বিশাল গর্ত তৈরি হয়েছে। ক্যামেরাম্যান আজিজ আল-আফিফি বিবিসিকে বলেন, দৃশ্যটি ভয়াবহ ছিল, সবদিকে মরদেহ, রক্ত, সর্বত্র চিৎকার। আলজাজিরার প্রতিনিধি হানি মাহমুদ গাজা শহর থেকে জানান, কোনো ধরনের পূর্ব-সতর্কতা ছাড়াই ক্যাফেতে এই হামলা হয়েছে। এ ছাড়া সোমবারই ইসরায়েলি বাহিনী গাজা শহরের ‘ইয়াফা স্কুলে’ বোমা হামলা চালায়। ওই স্কুলে শত শত বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিল। হামলার আগে পালিয়ে যাওয়া হামাদা আবু জারাদেহ বলেন, বাস্তুচ্যুত মানুষদের মাত্র পাঁচ মিনিটের মধ্যে এলাকা ছেড়ে দিতে বলা হয়েছিল। মধ্য গাজায় ইসরায়েলি বাহিনী দেইর আল-বালাহ অঞ্চলের আল-আকসা হাসপাতালের আঙিনাতেও হামলা চালায়। সেখানেও হাজার হাজার পরিবার আশ্রয় নিয়েছিল।

এ ছাড়া দক্ষিণ গাজায় ইসরায়েলি বিমান হামলায় খাদ্য সহায়তা বিতরণকেন্দ্রে অপেক্ষমাণ কমপক্ষে ১৫ জন ফিলিস্তিনি নিহত হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন পরিচালিত এই সহায়তা কেন্দ্রটি খান ইউনুসে অবস্থিত। এই হামলায় আরও ৫০ জন আহত হয়েছে। এই ফাউন্ডেশনটি গত মে মাসের শেষদিকে গাজায় সীমিত ত্রাণ সরবরাহ শুরু করার পর থেকে এ ধরনের সহায়তা কেন্দ্রগুলোয় হামলায় প্রায় ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানায়, গাজার সহায়তা কেন্দ্রগুলোর কাছে মোতায়েন সেনাদের ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনিদের ওপর গুলি চালাতে বলা হয়েছে। প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি সেনাদের উদ্ধৃত করে বলা হয়, তাদের কোনো হুমকি না থাকা সত্ত্বেও জনতার ওপর অতিরিক্ত প্রাণঘাতী বলপ্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত