'অভিজ্ঞতা শব্দ যারা ব্যবহার করে, তাদের জেতার ক্ষিদে থাকে না'

আপডেট : ০২ জুলাই ২০২৫, ১২:৫০ পিএম

এই উইম্বলডনে ব্রিটিশ দর্শকদের কল্পনা আর কৌতূহলের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন এক তরুণ—ওলি তরভেট। কিন্তু একটা বিষয় স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন তিনি, ‘অলিভার’ নয়, তাকে ডাকা হবে ‘ওলি’ নামে।

২১ বছর বয়সী এই বাছাইপর্ব পেরিয়ে আসা তারকা হেসে বলেন, “আমাকে সাধারণত অলিভার বলা হয় যখন মা রেগে থাকেন। কাজেই আমি সেটা যেকোনো মূল্যে এড়াতে চাই!” প্রথম রাউন্ডে জয় পাওয়ার সময় স্ট্যান্ড থেকে যখন কেউ ‘অলিভার’ বলে ডাকেন, তখন ওলি মনে করেছিলেন তিনি বুঝি কোনো ভুল করে ফেলেছেন!

দর্শকেরা হয়তো তাকে না চিনলেও দোষ দেওয়া যায় না। বিশ্ব র‍্যাঙ্কিংয়ে যেখানে তার অবস্থান ৭৩৩ নম্বরে, সেখানে এই উইম্বলডনই তার প্রথম গ্র্যান্ড স্লাম অভিজ্ঞতা।

তবে তিনি দ্রুত নিজের নাম জানান দিচ্ছেন। দ্বিতীয় রাউন্ডে তার সামনে এখনকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ—গতবারের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ। সেটাও উইম্বলডনের সেন্টার কোর্টে, ১৫ হাজার দর্শকের সামনে।

ইতিহাসের সবচেয়ে বড় অঘটনের জন্ম দিতে পারলে নাম উঠে যাবে উইম্বলডনের পাতায় পাতায়। যদিও তরভেট নিজেকে শুধু অভিজ্ঞতা অর্জনের জন্য নয়, সুযোগ কাজে লাগানোর লক্ষ্যেই কোর্টে নামাতে চান।

“আমি ‘অভিজ্ঞতা’ শব্দটা বেশি পছন্দ করি না। কারণ সেটা মানে দাঁড়ায়, আপনি শুধু অংশ নিতে এসেছেন, জেতার কোনো প্রত্যাশা নেই,” বলেন তরভেট।

“আমি বলছি না যে আমি জিতবই। তবে আমি শুরু থেকেই ভেতরে ভেতরে আত্মবিশ্বাসী ছিলাম, আর সেটা আমাকে এখানে এনেছে। আমার লক্ষ্য হচ্ছে প্রতিপক্ষ নয়, বলটার বিপক্ষে খেলা।”

তরভেটের বাবা গ্যারি তরভেটের কাছেও এই পুরো অভিজ্ঞতা যেন স্বপ্নের মতো, “বাছাই থেকে শুরু করে প্রথম রাউন্ডের জয়... এখন সেন্টার কোর্টে আলকারাজ! এটা এক কথায় দারুণ। ও আগে বড়জোর ৭০০-৮০০ দর্শকের সামনে খেলেছে। এবার খেলবে ১৫ হাজারের সামনে—এটা বিশাল এক মঞ্চ।”

আমেরিকান কলেজ সিস্টেমের বিজ্ঞাপন

টেনিসে অনেকেই যেখানে ১৮ বছর বয়সেই পেশাদার হয়ে যাওয়ার চিন্তা করেন, তরভেট বেছে নিয়েছেন ভিন্ন পথ। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের সান দিয়েগোর একটি বিশ্ববিদ্যালয়ে কমিউনিকেশন ও মার্কেটিং বিষয়ে পড়াশোনা করছেন এবং খেলছেন কলেজ টেনিস।

এই পথেই এর আগে এসেছেন ক্যামেরন নরি, জ্যাকব ফার্নলির মতো ব্রিটিশ টেনিসাররা।

এ বিষয়ে ব্রিটিশ টেনিস অ্যাসোসিয়েশনের (এলটিএ) কোচ মার্ক হিলটন বলেন, “অনেক খেলোয়াড় এখন একটু দেরিতে পরিপক্ক হচ্ছে। ক্যারিয়ারও দীর্ঘ হচ্ছে। কলেজ টেনিসে প্রতিযোগিতা ভালো হয়, উন্নত প্রশিক্ষণ, দলীয় পরিবেশ, আর সঙ্গে শিক্ষা—সবমিলিয়ে খেলোয়াড়রা আরও পরিণত হয়ে বেরিয়ে আসে।”

সেই সুযোগ কাজে লাগিয়ে এবার উইম্বলডনে নিজেকে আলোর রেখায় আনছেন তরভেট। আর যদি দ্বিতীয় রাউন্ডে আলকারাজের বিপক্ষে অঘটন ঘটাতে পারেন, তবে তার নামটা ‘ওলি’ হোক কিংবা ‘অলিভার’—দুনিয়া ভুলবে না সহজে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত