চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে কৃষক নিহত

আপডেট : ০৩ জুলাই ২০২৫, ০৭:৩৫ এএম

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে মো. ইব্রাহিম বাবু (৩২) নামে এক বাংলাদেশি কৃষক নিহত হয়েছেন। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদ জানিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে। নিহত ইব্রাহিমের পিতা মো. নুর ইসলাম জানান, তার ছেলে ৪-৫ জনের একটি দলের সঙ্গে গরুর ঘাস কাটতে সীমান্তের গালার মাঠে গিয়েছিল। এ সময় ভারতের নদীয়া জেলার গেদে ক্যাম্পের বিএসএফ সদস্যরা ৭৯ নম্বর পিলারের কাছে গুলি ছোড়ে। এতে ইব্রাহিম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে বিএসএফ সদস্যরা তার লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বলে জানা গেছে। দর্শনা থানার ওসি মো. শহিদ তিতুমির জানান, তিনি ঝাঁঝাডাঙ্গা এলাকা পরিদর্শন করে নিহতের পরিবারের সঙ্গে কথা বলেছেন এবং ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান জানান, তিনি ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। বিএসএফ জানিয়েছে, একদল স্বর্ণ চোরাকারবারির সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় এ ঘটনা ঘটে। এ বিষয়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত