দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

আপডেট : ০৬ জুলাই ২০২৫, ০৮:১২ এএম

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সোহরাব হোসাইন আবির (২৭) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল শনিবার দুপুর ১টার দিকে উপজেলার চাতলপাড় ইউনিয়নের চাতলপাড় বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত সোহরাব হোসাইন আবির চাতলপাড় ইউনিয়ন ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ছিলেন। তিনি কাঁঠালকান্দি গ্রামের চান মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, চাতলপাড় ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামে উল্টা গোষ্ঠী ও মোল্লা গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের কারণে স্থানীয় রাজনৈতিক প্রভাব, জমি-জমা ও ব্যবসায়িক নিয়ন্ত্রণ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছিল। শনিবার সকালে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চরমে ওঠে। এর জেরে দুপুর ১টার দিকে উভয় গোষ্ঠী দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠি, রামদা ও ধারালো অস্ত্র নিয়ে চাতলপাড় বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে মোল্লা গোষ্ঠীর সমর্থক ছাত্রদল নেতা সোহরাব হোসাইন আবির গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নাসিরনগর থানার ওসি আজহারুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে দুটি গোষ্ঠীর মধ্যে বিরোধ চলছিল। এর জেরেই সংঘর্ষে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত