সাংবাদিক মোস্তফা মামুনের বাবা আব্দুল হান্নানের মৃত্যু

আপডেট : ০৬ জুলাই ২০২৫, ০৮:১২ এএম

দেশ রূপান্তরের সাবেক সম্পাদক এবং রূপায়ণ গ্রুপের প্রস্তাবিত একটি ইংরেজি দৈনিকের সম্পাদক কথাসাহিত্যিক মোস্তফা মামুনের বাবা বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ আব্দুল হান্নান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৫ বছর। ওনার মৃত্যুতে রূপায়ণ গ্রুপ ও দেশ রূপান্তর পরিবার শোক প্রকাশ করেছে। একই সঙ্গে রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মোহাম্মদ আব্দুল হান্নান। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। আব্দুল হান্নান দুই ছেলে, স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

গতকাল বাদ মাগরিব কুলাউড়া শহরের উত্তর বাজার জামে মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাজা হয়। এতে সর্বস্তরের মানুষ অংশ নেয়। পরে রাত ১০টায় কুলাউড়ার ফরিদপুর গ্রামে দ্বিতীয় জানাজা হয়। পরে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এর আগে বিকেল সাড়ে ৫টায় শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেনের উপস্থিতিতে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল হান্নানকে গার্ড অব অনার দেওয়া হয়।

মোহাম্মদ আব্দুল হান্নান কুলাউড়া শহরের রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। কর্মজীবনে তিনি একজন সৎ, আদর্শবান ও নিবেদিতপ্রাণ শিক্ষক হিসেবে পরিচিত। মোহাম্মদ আব্দুল হান্নানের রুহের মাগফিরাত কামনায় সবার দোয়া চেয়েছেন তার বড় ছেলে মোস্তফা মামুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত