আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। গতকাল বুধবার দুপুরে তিনি ঢাকা ত্যাগ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
কুয়ালালামপুরে ৮-১১ জুলাই পর্যন্ত এআরএফের মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। পররাষ্ট্র উপদেষ্টা এসব বৈঠকে অংশ নেবেন। সফর শেষে আগামী ১২ জুলাই ঢাকায় ফেরার কথা রয়েছে মো. তৌহিদ হোসেনের।
এআরএফ বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ মোকাবিলা, অভিবাসন, জলবায়ু পরিবর্তন ও সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, মূল বৈঠকের পাশাপাশি মালয়েশিয়ায় সম্প্রতি সন্ত্রাসবিরোধী অভিযানে আটক ৩৬ বাংলাদেশির বিষয়েও দেশটির সরকারের সঙ্গে আলোচনা হতে পারে।
এই প্রসঙ্গে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তাদের মধ্যে কেউ হয়তো কোনো ছোট দলের সঙ্গে যুক্ত ছিল, এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। যদি কারও জঙ্গিসংশ্লিষ্টতা পাওয়া যায়, আমরা মালয়েশিয়া সরকারকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করব।’
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মালয়েশিয়ার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে আটক বাংলাদেশিদের বিষয়ে খোলামেলা আলোচনা হবে বলেও আভাস দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা।
