বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘রাজনীতিতে যারা একেবারে এতিম, তারা পিআর বা সংখ্যানুপাতিক ভোট পদ্ধতি চায়।’ গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মিরপুর-১১ নম্বরের প্যারিস রোড বালুর মাঠে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে রিজভী বলেন, ‘পৃৃথিবীর বিভিন্ন দেশে পিআর পদ্ধতি নিয়ে ব্যাপক সমালোচনা আছে। বাংলাদেশের মানুষের এ সম্পর্কে কোনো ধারণাই নেই। এটিকে টেনে নিয়ে আসা হচ্ছে।’ তিনি বলেন, ‘আপনার এলাকায় কোন লোক প্রতিনিধিত্ব করবেন, কোন লোক দিনরাত কাজ করবেন সেটি দেখে আপনি তাকে ভোট দেবেন। কিন্তু পিআর পদ্ধতি হলে আপনার পছন্দের প্রার্থী নয়, বরং আপনার প্রতিনিধি ঠিক করে দেবে দল। এটি কোনো গ্রহণযোগ্য পদ্ধতি নয়। এ দেশের মানুষ পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে অভ্যস্ত। তারা এই পদ্ধতিতে বিভ্রান্ত হবেন।’
রিজভী বলেন, ‘শেখ হাসিনা একতরফা নির্বাচন করে মজা পেয়েছিলেন। এখন অনেকে সংস্কারের কথা বলে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। বিল্ডিংই যদি না থাকে, তাহলে সংস্কার করবেন কীসের? সংস্কার করবে একটি নির্বাচিত পার্লামেন্ট।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। সভাপতির বক্তব্যে বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক কর্মসূচি সফল করার জন্য সবাইকে ধন্যবাদ জানান এবং ঢাকা মহানগর উত্তরের সর্বত্র নিমগাছ লাগানোর ঘোষণা দেন। এ সময় আমিনুল দলের নেতাকর্মীদের আওয়ামী লীগের মতো আচরণ না করে জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে তাদের পাশে থাকার আহ্বান জানান।
