টানা বৃষ্টিতে বেড়েছে বাজারের উত্তাপ

আপডেট : ১১ জুলাই ২০২৫, ০৪:১০ এএম

টানা তিন দিন ধরে রাজধানীসহ সারা দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টি হচ্ছে। এ বৃষ্টির কারণে কোথাও কোথাও বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে রাজধানীতে টানা বৃষ্টির চাপে বিভিন্ন অঞ্চল থেকে আসা নিত্যপণ্যের সরবরাহ কমে যাওয়ায় সবজি, কাঁচা মরিচ, ডিমসহ বিভিন্ন পণ্যের দাম কিছুটা বেড়েছে।

গতকাল বৃহস্পতিবার ঢাকার বাড্ডা, রামপুরা, কারওয়ান বাজার, মগবাজার, সেগুনবাগিচা, ধানম-ি ও মোহাম্মদপুর এলাকার খুচরা বাজারগুলো ঘুরে দেখা গেছে, সবচেয়ে বেশি দাম বেড়েছে কাঁচা মরিচের। প্রতি কেজি কাঁচা মরিচ বৃষ্টির আগে যেখানে বাজারভেদে ৮০-১২০ টাকায় বিক্রি হতো, তা এখন ২৬০-৩০০ টাকায় বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ার কারণেই খুচরা বাজারে মরিচের দাম বেড়েছে। কারওয়ান বাজারের পাইকারি বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে যে কাঁচা মরিচ মানভেদে ৩০-৫০ টাকার মধ্যে বিক্রি হতো, তা এখন ১৫০-২০০ টাকায় বিক্রি হচ্ছে।

বিক্রেতারা বলছেন, সরবরাহ কমে যাওয়ায় কাঁচা মরিচের দাম কিছুটা বেড়েছে, তবে বৃষ্টি কমলে এ দাম স্বাভাবিক হয়ে যাবে। সরবরাহ কমে যাওয়ার কারণ হিসেবে কৃষি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বৃষ্টিতে মাটি নরম হয়ে গেলে মরিচ তোলা কঠিন হয়ে পড়ে, যা সরবরাহ কমে যাওয়ার একটি বড় কারণ।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বঙ্গোপসাগরে লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে তিন দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। বৃষ্টির প্রবণতা শুক্র ও শনিবার কিছুটা কম থাকলেও আগামী রবিবার থেকে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দিয়েছে অধিদপ্তর।

কারওয়ান বাজারের পাইকারি বিক্রেতা মো. সজীব দেশ রূপান্তরকে বলেন, বৃষ্টির কারণে মরিচের সরবরাহ কিছুটা কমেছে। এ কারণে মরিচের দাম বেড়েছে। তবে আবহাওয়া স্বাভাবিক হলে সরবরাহ ঠিক হয়ে যাবে, দামও স্বাভাবিক হবে।

বেশ কিছু সবজির দামও বেড়েছে। মরিচের পরই সবজির তালিকায় রয়েছে লম্বা বেগুনের দাম। ৮০-৮৫ টাকায় যে বেগুন বিক্রি হতো, সেটি এখন ১০০-১২০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। চাল কুমড়ার প্রতিটির দাম ৫০-৬০ টাকা থেকে বেড়ে ৬০-৭০, ছোট পটোল ৪০-৫০ থেকে বেড়ে ৫০-৬০, ছোট আকারের কাঁচা মিষ্টি কুমড়া প্রতিটি ৫০-৬০ থেকে বেড়ে ৭০-৮০, ঢেঁড়স ৪৫-৫০ থেকে বেড়ে ৬০-৬৫, করলা ৭০-৮০ থেকে বেড়ে ৮০-৯০ টাকায় বিক্রি হচ্ছে।

ঢাকার খুচরা বাজারগুলোতে সবসময়ই দামের কিছুটা পার্থক্য থাকে। খুচরা বিক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে বিভিন্ন ধরনের সবজির দাম কিছুটা বেড়েছে। সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। রামপুরা কাঁচা বাজারের বিক্রেতা মো. আরিফ বলেন, বিভিন্ন সবজির দাম ১০-২০ টাকা পর্যন্ত বেড়েছে। এটি বৃষ্টির কারণে। আবহাওয়া স্বাভাবিক হলে দাম কমে আসবে।

এদিকে সবজির পাশাপাশি ফার্মের ডিমের দামও ডজনপ্রতি ৫-১০ টাকা বেড়েছে। গত সপ্তাহে ডিমের দাম কমে ১২০ টাকায় নেমেছিল, যা এখন বেড়ে ১২৫-১৩০ টাকায় বিক্রি হচ্ছে। তবে ব্রয়লার মুরগির দাম স্বাভাবিক রয়েছে। বাজারভেদে ব্রয়লার মুরগি ১৫৫-১৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে বেশিরভাগ বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৬০ টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। বাজারের এ পরিস্থিতিতে আগে থেকেই চালের দাম বাড়তি। চালের দাম কমার কোনো লক্ষণ নেই।

রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) তাদের বৃহস্পতিবারের বাজার বিশ্লেষণে বলছে, চিকন চালের দাম গত এক মাসে ৫.২৬ শতাংশ বেড়েছে। এই দাম গত বছরের একই সময়ের তুলনায় ১৫.৯৪ শতাংশ বেশি। মাঝারি মানের চিকন চালের দাম গত এক মাসে ১৩ শতাংশের বেশি বেড়েছে। দাম বৃদ্ধির পর এই দাম গত বছরের একই সময়ের তুলনায় ১৮.১৮ শতাংশ বেশি। একইভাবে মোটা চালের দাম গত এক মাসে ৯.৫২ শতাংশ বেড়ে যে দামে বিক্রি হচ্ছে, তা গত বছরের একই সময়ের তুলনায় ১৫ শতাংশ বেশি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত