রিয়ালকে গোলের মালা পরিয়ে বিদায় করল পিএসজি

আপডেট : ১১ জুলাই ২০২৫, ০৪:১২ এএম

‘হালা মাদ্রিদ’ এই স্প্যানিশ শব্দটির অর্থ এগিয়ে যাও মাদ্রিদ। আর বাংলায় চারটি বোঝাতে এক হালি শব্দটি ব্যবহার করা হয়। ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে পিএসজি ৪-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদকে। পিএসজির কাছে এমন হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে হালা মাদ্রিদ ও হালি এই দুই শব্দকে মিলিয়ে মজায় মেতেছেন। কেউ কেউ লিখছেন, এ যেন ‘হালা মাদ্রিদ নয় হালি মাদ্রিদ।’ রিয়ালের কোচ জাবি আলোনসো বলেছেন, এটি বেদনাদায়ক হার।

যানজটের জন্য দুই দল নির্ধারিত সময়ের ২০ মিনিট দেরিতে আসে মাঠে, তাতে ম্যাচও শুরু হয় ১০ মিনিটে দেরিতে। তবে প্রথমার্ধেই সমর্থকরা দেখতে পেরেছেন একাধিক গোল। প্রথম চার মিনিটে থিবো কোর্তোয়ার দারুণ দুটি সেভের পরও ২৪ মিনিটের মধ্যে তিন গোলে এগিয়ে যায় পিএসজি। পিএসজি ছাড়ার পর প্রথমবার নিজের সাবেক দলের মুখোমুখি হয়ে কিছুই করতে পারেননি কিলিয়ান এমবাপ্পে।

মেটলাইফ স্টেডিয়ামে ষষ্ঠ মিনিটে প্রথম গোল করেন ফাবিয়ান রুইজ। নিজেদের পেনাল্টি স্পটের কাছে বল পেয়ে ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি রিয়ালের সেন্টার-ব্যাক রাউল আসেন্সিও। বল দখলে নিয়ে এগিয়ে যান উসমান দেম্বেলে। ছুটে গিয়ে তাকে ট্যাকল করেন কোর্তোয়া। বলের নাগাল পাননি এই বেলজিয়ান গোলকিপার, বল পেয়ে জালে পাঠান রুইজ। নবম মিনিটে সেন্টার-ব্যাক রুডিগারের ভুলে ফের পিছিয়ে পড়ে রিয়াল। নিজেদের অর্ধে বল পেয়ে শট নিতে পারেননি রুডিগার। পেছন থেকে গিয়ে বল নিয়ন্ত্রণে নিয়ে গোল করেন দেম্বেলে। এবার ক্লাব বিশ্বকাপে তিন ম্যাচে দেম্বেলের গোল হলো দুটি, অ্যাসিস্ট একটি। ২৪ মিনিটে আশরাফ হাকিমির পাস থেকে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন রুইজ। ৩৯ মিনিটে কাভারাস্কেইয়ার শট লক্ষ্যে ছিল না।

বিরতির পর ৪৭ মিনিটে রিয়ালের জালে বল পাঠান দিজিরে দুয়ে। অফসাইডের কারণে গোল হয়নি। ৫৯ মিনিটে দেম্বেলে ও কাভারাস্কেইয়াকে তুলে নেন পিএসজির কোচ লুইস এনরিকে। ৬৬ মিনিটে তুলে নেন রুইজ ও দুয়েকে। ৭০ মিনিটে মাঠে নামেন রিয়ালের অভিজ্ঞ ডিফেন্ডার দানি কার্ভাহাল। গত অক্টোবরের পর এই প্রথম মাঠে নামলেন স্প্যানিশ রাইট-ব্যাক। তবে একপেশে ম্যাচে ৮৮ মিনিটে ব্যবধান বাড়ান বদলি নামা পর্তুগিজ ফরোয়ার্ড গঞ্জালো রামোস। গোল উদযাপনে তিনি স্মরণ করেন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো ডিয়োগো জোটাকে।

এ মৌসুমে পিএসজির ফরাসি লিগ, ফরাসি কাপ ও চ্যাম্পিয়নস লিগ জয়ে বড় অবদান রেখেছেন দেম্বেলে। ক্লাব বিশ্বকাপের সেমিতে গোলের পর দেম্বেলেকে নিয়ে এনরিকে বলেন, ‘(আসরে) এই প্রথম আমি আমার সেরা খেলোয়াড় দেম্বেলেকে সেরা ফর্মে পেয়েছি। সে গুরুত্বপূর্ণ খেলোয়াড়, অনন্য খেলোয়াড়। এমন একজন খেলোয়াড় যাকে সমর্থকরা দেখতে চায়। আশা করি, তাকে ফাইনালে পাব আমরা।’

হারের পর রিয়াল কোচ জাবি আলোনসো বলেন, ‘এটি বেদনাদায়ক হার। আমাদের স্বীকার করতে হবে, আমরা নিজেদের মান অনুযায়ী খেলতে পারিনি।’ মৌসুমে ট্রফি শূন্যই থাকল ইউরোপের সফলতম দল রিয়াল। রিয়াল ২০২৪-২৫ মৌসুম ও ক্লাব বিশ্বকাপ মিলে পাঁচটি ম্যাচে চার বা তার বেশি গোল হজম করেছে। সব মিলিয়ে মৌসুমে হজম করেছে ৮৪টি গোল। এত গোল রিয়াল এর আগে হজম করেছিল ১৯৯৮-৯৯-তে। স্প্যানিশ ক্লাবটির এমন পারফরম্যান্সের বেশিরভাগ দায় যাবে রিয়ারের সাবেক কোচ আনচেলত্তির ওপর। কারণ ক্লাব বিশ্বকাপ দিয়েই রিয়ালের ডাগআউটে যাত্রা শুরু করেন জাবি আলোনসো। রিয়ালের কোচ হিসেবে এটি তার প্রথম হারও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত